|
স্বপ্ন দেখিঃ কখন আর বিদেশে
যেতে হবে না?
কল্যাণ সরকার
হায় রে আমার দেশ!
আমি পরিবার-পরিজন ছেড়ে সুন্দর একটা জীবন গড়ার আশায় বিলেতে এসেছি, কিন্তু মন পড়ে
রয়েছে দেশে। দেশের কোনো ভালো খবর জানতে পারলে মনটা আনন্দে ভরে ওঠে; আবার কষ্টের
কিংবা খারাপ কোনো খবর জানতে পারলে মনে হয় কবে হবে সেই সুন্দর দেশটা!
সে-দিন অনলাইনে বসে
পত্রিকা পড়ছিলাম। ভাবছিলাম কোন্ দেশের মানুষ আমরা! বিশাল ব্যক্তিত্বের রাজনীতিকের
কন্ট্রাক্টে-পাওয়া একটা সেতু নির্মানের কাজ ১২ বছরেও শেষ হয় না! ভাবতে অবাক লাগে
তারাই আবার দূর্নীতি, রাজনীতি আর ভলোমানুষীর কথা বলেন! এ-বিলেত আমার মতো হাজারো
ছেলে-মেয়ে আছে, যারা শুধু উন্নত জীবনের আশায় দেশ ছেড়েছে। কিন্তু দেশকে অনুভব করে
প্রতি মুহুর্তে।
হয়তো কথাটা
প্রাসঙ্গিক হবে না, কিন্তু না বলেও পারছি না। আন্তর্জাতিকতার ভীড়ে হিন্দী ছবির অনেক
কদর। তো কথাটা এ-হিন্দী ছবির-ই। 'নায়ক' ছবি, যেটাতে অনিল কাপূর অভিনয় করেছেন, ওখানে
একটা কথা ছিলো যার অর্থ 'আমার দেশ আমার মতই খোঁড়া হয়ে গেছে। একে দাঁড় করিয়ে দিন।'
বিলেত এসে মনে প্রশ্ন জাগেঃ সত্যিই কি আমার দেশ খোঁড়া হয়ে গেছে?
অনিয়মটা যেখানে
নিয়ম, সেখানে কি কোনো ভবিষ্যত আছে? আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আছে। সুদিন
অবশ্যই আসবে।কারণ অন্যায়-অসত্য কোনোদিন টেকেনি আর কোনোদিন টিকবেও না। তাই
সত্য-সুন্দরের পথ ধরে একদিন অবশ্যই সুদিন আসবে আর তখন উন্নত জীবনের আশায় আমার মতো
কাউকে বিলেতে আসতে হবে না। দেশেই গড়ে নেবে সুন্দর ভবিষ্যত আর দেশকে তুলে ধরবে
বিশ্বের মানচিত্রে।
কল্যাণ সরকার,
লন্ডনে অধ্যয়ণরত ছাত্র
আপলৌডঃ ১ অগাস্ট,
২০০৮
|