|
যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ছাব্বিশ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে
পৌঁছেছে
ছাব্বিশ
বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। লেবার
ডিপার্টমেন্ট থেকে দেয়া হিসাব থেকে জানা যাচ্ছে এ-তথ্য। গত মাসেক-খানেক ধরে মার্কিন
অর্থনীতির মন্দা-মুক্তির ব্যাপারে কোনো-কোনো বিশ্লেষকের পক্ষ থেকে ইতিবাচক সম্ভাবনা
ব্যক্ত করা হলেও, সর্বশেষ হিসাবটিতে সার্বিক পরিস্থিতির এক নেতিবাচক চিত্র ফুটে
উঠেছে বলেই মনে করা হচ্ছে।
লেবার
ডিপার্টমেন্টের পক্ষ থেকে বৃহস্পতিবার প্রকাশিত হিসাব মতে, গত জুন মাসে সর্বমোট ৪
লক্ষ ৬৭ হাজার মানুষ চাকুরী হারিয়েছেন। অর্থনীতিকদের ধারণা ছিলো, এ-সংখ্যা সর্বোচ্চ
৩ লক্ষ ৬৩ হাজার পর্যন্ত হতে পারে। শতকরা হিসাবে যুক্তরাষ্ট্রের কর্মহীনতার হার
বর্তমানে সাড়ে ৯ শতাংশ; মে মাসে এ-হার ছিলো ৯ দশমিক চার শতাংশ। অনেক অর্থনীতিবিদের
ধারণা, চলতি বছরে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ১০ শতাংশে গিয়ে ঠেকতে পারে।
বেকারত্ব বৃদ্ধির এ-হার সামনের বছরের একটি সময় পর্যন্ত অব্যাহত থাকবে বলে মনে করা
হচ্ছে। উল্লেখ্য, মে মাসে যুক্তরাষ্ট্রে কাজ হারিয়েছিলেন মোট ৩ লক্ষ বাইশ হাজার
মানুষ। মে মাসের তুলনায় জুন মাসে কর্মহানির সংখ্যার এ-ব্যাপক বৃদ্ধিকে
মন্দা-মুক্তির ব্যাপারে আশাবাদীদের জন্য এক দুঃসংবাদ হিসাবেই বিবেচনা করা হচ্ছে।
নির্মাণ-শিল্প, ম্যানুফ্যাকচারিং, বিজনেস ও পেশাদার সেবাখাতগুলোতে কর্মহানির হার
বেশি লক্ষ্য করা গেছে।
সেন্টার
ফর ইকৌনমিক্স এ্যান্ড বিজনেস রিসার্চের শীর্ষ-স্থানীয় অর্থনীতিবিদ রিচার্ড স্নূক
এ-প্রসঙ্গে বলেন, ‘আজকে
পাওয়া হিসাবটি [মন্দা থেকে] যুক্তরাষ্ট্রের উঠে আসার সম্ভাবনাতে পানি ঢেলে দিয়েছে।’
অপর এক প্রতিষ্ঠান জেভিবি ফাইন্যান্সিয়াল গ্রুপের শীর্ষ অর্থনীতিক উইলিয়াম
সুলিভিয়ান জানান, অর্থ-বছরের দ্বিতীয় প্রান্তিকে এসে দেখা যাচ্ছে [যুক্তরাষ্ট্রের]
অর্থনীতির নিমজ্জমান পরিস্থিতির চিত্রটি বেশ প্রকট।
বেকারত্বের বৃদ্ধির হারের খবরটির মধ্য দিয়ে ওবামা প্রশাসনের উপরে নতুন করে একটি চাপ
তৈরী হয়েছে কি-না সে-ব্যাপারে চিন্তা-ভাবনা চলছে বিশেষজ্ঞদের মধ্যে। উল্লেখ্য,
কিছুদিন আগে কর্মজীবীদের স্বার্থ-রক্ষার লক্ষ্যে ওবামা-প্রশাসনের পক্ষ থেকে ৭৮৭
বিলিয়ন ডলারের একটি ‘স্টিমুল্যাস
প্ল্যান’ ঘোষণা করা
হয়েছিলো। চলমান মন্দার বিশ মাসের মাথাতে এসে যুক্তরাষ্ট্রে চাকুরেদের বেতন-বৃদ্ধির
ব্যাপারটি থমকে আছে, শ্রম-ঘন্টার ব্যাপারটি হয়ে পড়েছে এলোমেলো। সর্বশেষ হিসাব
মোতাবেক, যুক্তরাষ্ট্রে কর্ম-হীন মানুষের সর্ব-মোট সংখ্যা ১৪ দশমিক সাত মিলিয়ন।
লেবার ডিপার্টমেন্ট জানিয়েছে, বর্তমানে দেশে সাতাশ সপ্তাহের অধিক সময় ধরে কর্ম-হীন
আছেন এমন মানুষের সংখ্যা ৪ দশমিক চার মিলিয়ন; বর্তমান সংখ্যাটি মন্দা শুরুর সময়ের
তুলনায় তিনগুণের বেশি।
লন্ডনঃ ২
জুলাই ২০০৯
|