|
মাফিয়াদের বিরুদ্ধে লাখো মানুষের সমাবেশ ইতালীর নেপলস শহরে
মাফিয়াদের
সন্ত্রাস ও সংগঠিত অপরাধবৃত্তি বন্ধ করার দাবীতে ইতালীর দক্ষিণাঞ্চলীয় শহর নেপলসের
রাস্তায় নেমেছেন বিপুল সংখ্যক মানুষ। শনিবারের সমাবেশটি উপলক্ষ্যে রাস্তায় নামা বহু
লোকের হাতে ছিলো বিভিন্ন সময়ে মাফিয়াদের হাতে প্রাণ-হারানো স্বজনদের আলোকচিত্র ও
প্রতিবাদী ব্যানার। পুলিস জানিয়েছে, বসন্তের প্রথম দিনটিতে আয়োজিত সমাবেশটিতে
রাস্তায় নেমেছিলেন কমপক্ষে এক লাখ মানুষ।
খবরে
প্রকাশ, সমাবেশের সময়টিতে লাউড-স্পীকারযোগে মাফিয়াদের হাতে বিভিন্ন সময়ে প্রাণ
হারানো ন'শো মানুষের নাম পড়ে শুনানো হয়। ক্যাম্পানিয়া রেজিওন নামের একটি সংগঠনের
প্রেসিডেন্ট আন্তোনিও বাসোলিনা সমাবেশে উপস্থিত জনতার সামনে দেয়া ভাষণে বলেন,
মাফিয়া কোনোভাবেই চির-কালের ব্যাপার হতে পারে না। বিক্ষুব্ধ জনতার সামনে দেয়া ভাষণে
তিনি আরও ঘোষণা করেন সিসিলি দ্বীপ থেকে উত্থান হওয়া সনাতনী মাফিয়া এবং একেবারেই
নেপলস থেকে গড়ে ওঠা সংগঠন ক্যামোরা ক্যামৌরা উভয়কেই ধরাশায়ী করা সম্ভব।
মাফিয়া-বিরোধী সমাবেশটি থেকে মাফিয়াদের সংঘটিত অপরাধবৃত্তি দমনের জন্য পুলিসের হাতে
অধিকতর সুযোগ-সুবিধা হস্তান্তরের জন্য জোর দাবী জানানো হয়। উদ্যোক্তারা তাদের ভাষণে
জানান মাফিয়াদের বিরুদ্ধে লড়াইটি হতে হবে সার্বক্ষণিক।
এদিকে
সংবাদ-মাধ্যম জানিয়েছে, মাফিয়াদের হাতে স্বজন হারানো লোকেরা ব্যাপকভাবে শনিবারের
সমাবেশটিতে যোগ দিলেও, এদের মধ্যে উদ্যোগটির সাফল্যের ব্যাপারে সন্দেহ আছে। রীতা
বোরসেলিনো
নামের একজন অংশগ্রহণকারী বার্তা-সংস্থা এএফপির সাথে সমাবেশ-স্থলে দাঁড়িয়ে আলাপকালে
বলেন, আমি ক্ষুব্ধ এবং [মাফিয়াদের দমনের ব্যাপারে] ১৭ বছর আগের তুলনায় কম আশাবাদী।
উল্লেখ্য, ১৭ বছর আগে রীতার ভাইকে, যিনি একজন বিচারক ছিলেন, গলা কেটে হত্যা করেছিলো
মাফিয়ারা। রীতা আরও জানান, মাফিয়া এখন অধিকতর বিপজ্জনক এবং আগের তুলনায় অধিকতর
সংঘটিতভাবে ক্ষমতার জালের সাথে সংযুক্ত।
মাফিয়ার হাতে প্রাণ-হারানো এক
পুলিস অফিসারের পিতা ভিনসেনজো ডি'আগোস্তিনা সমাবেশ-স্থল থেকে বলেন, 'আজকের দিনটি
হচ্ছে উদযাপন করার মতো একটি দিন, কারণ এখানে জড়ো হওয়া তরুণদের সাথে মিলে আমরা আজকে
[মাফিয়াদের হাতে] প্রাণ হারানো মানুষগুলোকে স্মরণ করছি।'
ইতালীর
অপরাধ-চক্রের উপরে গবেষণাকারীদের একজন রবার্তো সভিয়ানো জানান, ইতালীর অপরাধ-চক্রটি
মূলতঃ চারটি 'মাফিয়া-গোত্রে' বিভক্ত। এগুলো হচ্ছেঃ সিসিলির কোসা নস্ত্রা,
নেপলসের
আশেপাশের এলাকাতে তৎপর ক্যামোরা,
ক্যালাব্রিয়া অঞ্চলের
'নাদ্রঙ্ঘেতা'
ও পুগিলা এলাকার সাক্রা কোরোনা
উনিতা। এর মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে কোসা নস্তার বিরুদ্ধে বেশ কড়া অভিযান
পরিচালনা করা হলেও অন্যান্য মাফিয়া সংগঠনের বিরুদ্ধে তেমন কোনো অবস্থান গ্রহণ করা
হয়নি বলে অভিযোগ আছে। সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক মন্দার সুযোগটিকে ব্যবহার করে
মাফিয়ারা নতুন করে প্রভাব বিস্তারের সুযোগ পাচ্ছে বলে অভিযোগ আছে। বিশেষ করে ঋণের
দায়ে জর্জরিত ব্যবসায়ীদেরকে নগদ-অর্থ ধার দেয়ার মাধ্যমে মাফিয়ার নিজেদের অবস্থান
দৃঢ়তর করার প্রয়াস পাচ্ছে বলে অভিযোগ আছে। মাফিয়াদের অর্থনৈতিক শক্তির ব্যাপারে
তথ্য দিয়ে ইতালীর স্বরাষ্ট্র-মন্ত্রী রবার্তো মারোনী, জানান শুধুমাত্র নাদ্রেঙ্ঘেতা
নামের মাফিয়া সংগঠনটিই ইউরৌপের মাদক-বাজার থেকে বছরে ৬১ দশমিক ৬ বিলিয়ন মার্কিন
ডলার আয় করে।
লন্ডনঃ ২১
মার্চ ২০০৯
|