|
জনমত জরীপে টৌরীরা
এগিয়েঃ
আশার আলো আছে লেবারদের
ব্রিটেইনে
ক্ষমতাসীন লেবার পার্টির তুলনায় জনমত জরীপে বেশ খানিকটা এগিয়ে আছে প্রধান বিরোধী দল
কনসার্ভেটিভ পার্টি। তবে আগামী বছরের অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের আগে অর্থনৈতিক
মন্দাবস্থা থেকে উত্তরণের স্পষ্ট কোন আভাস দেখাতে পারলে লেবারদের আবারও সরকার গঠনের
সম্ভাবনা আছে। মঙ্গলবার রাতে প্রকাশিত দ্য গার্ডিয়ান ও আইসিএম পরিচালিত জরীপ থেকে
জানা যাচ্ছে এ-তথ্য।
জরীপ-মতে, গত বেশ কিছুদিন ধরে জনপ্রিয়তার দৌড়ে টৌরীদের এগিয়ে থাকার প্রবণতাটি এখন
পর্যন্ত অব্যাহত আছে। এবারের জরীপে ৪২ শতাংশ উত্তরদাতা টৌরীদের পক্ষ নিয়েছেন।
লেবারদের পক্ষে আছেন ৩০ শতাংশ। তৃতীয় দল লিবারেল ডেমৌক্র্যাটিক পার্টির পক্ষে
জনসমর্থনের হার বর্তমানে ২০ শতাংশ, যা পূর্বের জরীপের তুলনায় ২ ভাগ বেশি। বড়ো দুই
দলের ক্ষেত্রে অবশ্য জন-সমর্থনের হার অপরিবর্তিত আছে। এছাড়াও প্রধান তিন দলের
নেতাদের মধ্যে টৌরী নেতা ডেইভিড ক্যামেরৌনকেই পরবর্তী সম্ভাব্য প্রধানমন্ত্রী
হিসাবে চিহ্নিত করেছেন অধিকাংশ উত্তরদাতা। এক্ষেত্রে ক্যামেরৌন ও বর্তমান
প্রধানমন্ত্রীর পক্ষে সমর্থনের হার যথাক্রমে ৪৫ শতাংশ ও ২৪ শতাংশ। এমনকি, লেবার
ভৌটারদের ১৭ শতাংশ উত্তরদাতার মনে ব্রাউনের চেয়ে ক্যামেরৌন ভালো প্রধানমন্ত্রী
হবেন।
সর্বশেষ
জরীপটি কনসার্ভেটিভদের জন্য সুখবর বয়ে আনলেও একেবারে নিরাশ করেনি লেবারদের। সর্বমোট
উত্তরদাতাদের মধ্যে ৬৫ শতাংশ জানিয়েছেন, লেবার সরকার নির্বাচনের আগে মন্দা থেকে
উত্তরণের সূচনা হবার প্রমাণ দেখাতে পারলেও, তাদের বর্তমান পছন্দের ব্যাপারটি পাল্টে
যাবে না। তবে টোরী সমর্থক ৯ শতাংশ ও লিব-ডেম সমর্থক ২২ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন
তেমন কিছু ঘটলে তাদের দিক থেকে লেবারদেরকে ভৌট দেয়ার সম্ভাবনা বেশি।
বিশ্লেষকদের মতে, এবারের জরীপের ফলটি দীর্ঘদিন ধরে চাপের মধ্যে থাকা সরকারী দলকে
কিছুটা হলেও স্বস্তি দিবে। এছাড়াও এ-থেকে টৌরীদের মধ্যে নিজেদের এগিয়ে থাকার
ব্যাপারটি-যে খুব একটা সুদৃঢ কিছু নয়, সে-ভাবনাটি গেড়ে বসতে পারে বলে মনে করা
হচ্ছে।
১৭ মার্চ
২০০৯
|