|
উত্তর-কৌরীয় স্যাটেলাইট শূট
করা হবেঃ জাপানী ক্যাবিনেট সেক্রেট্যারী
সামনের
দিনগুলোতে পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে উত্তর কৌরিয়ার স্যাটেলাইট ভূপাতিত করার
হুমকি দিয়েছে জাপানের ক্যাবিনেট সেক্রেট্যারী। শুক্রবার দেশটি জানিয়েছে, উত্তর
কৌরীয় স্যাটেলাইট যদি হুমকিমূলক হয়ে ওঠে, তাহলে প্রতিরক্ষা নিশ্চয়তার লক্ষ্যে
বহু-বিলিয়ন ডলারের মিসাইল ডিফেন্স সিস্টেম চালু করা হবে।
খবরে
প্রকাশ, পিয়ংইয়ংয়ের সাম্প্রতিক একটি ঘোষণার প্রেক্ষিতে টৌকিও সর্বশেষ ঘোষণাটি দেয়া
হয়েছে। উল্লেখ্য, উত্তর কৌরিয়া সম্প্রতি জানিয়েছে প্রতিবেশী জাপানের উপকূলবর্তী
কিছু এলাকা তার রকেট উৎক্ষেপণের পথের জন্য 'বিপজ্জনক' হয়ে উঠেছে। দেশটি ইতোমধ্যে
ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনকে জানিয়েছে, এপ্রিল মাসের ৪ থেকে ৮ তারিখের
দিবাভাগে কয়েকটি পরীক্ষামূলক মিসাইল উৎক্ষেপণ করা হবে, যার বুস্টারগুলো জাপান সাগর
ও প্রশান্ত মহাসাগরে পড়বে। আলোচ্য এলাকাটি জাপানের উত্তর-পশ্চিম ভূখণ্ড থেকে ৭৫
মাইল দূরে অবস্থিত।
উত্তর
কৌরীয় স্যাটেলাইট ভূপাতিত করার হুমকি দেয়ার নায্যতা ব্যক্ত করে টৌকিও জানিয়েছে,
যে-কোনো হুমকিমূলক বস্তুকে মধ্য-আকাশে ধ্বংস করে দেয়ার ব্যাপারের সকল অধিকার তার
আছে। চীফ ক্যাবিনেট সেক্রেট্যারী তাকিও কাওমুরা এ-প্রসঙ্গে সংবাদ-মাধ্যমকে বলেন,
'আমাদের আইন অনুসারে আমাদের ভূখণ্ডের উপরে পতিত হতে যাওয়া যে-কোনো বস্তুকে প্রতিরোধ
করার এখতিয়ার আমাদের আছে।' তবে পিয়ংইয়ং জানিয়েছে এ-ধরণের যে-কোনো উদ্যোগকে
যুদ্ধ-ঘোষণামূলক তৎপরতা হিসাবে বিবেচনা করা হবে। এছাড়াও তারা জানিয়েছে, যে-রকেট
উৎক্ষেপণের কথা বলা হয়েছে, তা তাদের মহাকাশ কর্মসূচির অংশ। তবে জাপান ও দক্ষিণ
কৌরিয়ার মতো প্রতিবেশীদের দাবী উত্তর কৌরিয়ার হার্ড-ওয়্যারটি তাইপোডং-২ সজ্জিত
ব্যালেস্টিক মিসাইল। দক্ষিণ কৌরিয়ার গোয়েন্দারা জানিয়েছে, উত্তর কৌরিয়ার উওর-পূর্ব
উপকূলে মুসুদান-রি ঘাঁটিতে মিসাইল উৎক্ষেপণ সংক্রান্ত তৎপরতার লক্ষ্য করা যাচ্ছে।
পর্যবেক্ষকদের ধারণা, জাপানের পক্ষ থেকে আসা সর্বশেষ ঘোষণাটির মধ্য দিয়ে কৌরিয়া
উপদ্বীপে নতুন করে উত্তেজনা তৈরী হতে পারে। যুক্তরাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকেও
এ-ব্যাপারটি নিয়ে উত্তর কৌরিয়ার সাথে নতুন করে টানা-পোড়েনের জন্ম হতে পারে।
উল্লেখ্য, সম্প্রতি মার্কিন সেক্রেট্যারী অফ স্টেইট হিলারী ক্লিন্টন পরমাণু
কর্মসূচি পরিত্যাগ করার জন্য উত্তর কৌরিয়ার প্রতি আহবান জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিব
ব্যান কী মুনও উত্তর কৌরিয়ার মিসাইল বা স্যাটেলাইট উৎক্ষেপণের ব্যাপারে সতর্কতা
ব্যক্ত করেছেন। মুনের মতে, এ-ধরণের যে-কোনো তৎপরতার ফলে অঞ্চলটিতে শান্তি ও
স্থিতিশীলতা নষ্ট হবে।
লন্ডনঃ
১৩ মার্চ ২০০৯ |