|
মাদাগাস্কারে রাজনীতিতে সেনা-পতির
হস্তক্ষেপঃ ক্ষমতা দখলের হুমকি
রাজনৈতিক
দলগুলোর মধ্যে চলমান সংঘাতের সুযোগে ভারত মহাসাগরীয় দ্বীপ-রাষ্ট্র মাদাগাস্কারের
ক্ষমতা দখল করে নেয়ার সুস্পষ্ট ইঙ্গিত দিতে শুরু করেছে দেশটির সামরিক বাহিনী।
মঙ্গলবার সেনা প্রধানের কাছ থেকে জারী করা এক কড়া হুমকিতে বিবাদ-মীমাংসার জন্য
রাজনৈতিক দলগুলোকে বাহাত্তর ঘন্টা সময় বেঁধে দেয়া হয়েছে। এ-সময়-সীমার মধ্যে কোনো
ফয়সালা না হলে সামরিক বাহিনীর হস্তক্ষেপের ব্যাপারে প্রস্তুত থাকার কথাও বলা হয়েছে।
উল্লেখ্য, গত প্রায় তিনমাস যাবৎ মাদাগাস্কারে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে।
মঙ্গলবার
সেনা-প্রধান জেনারেল এডমন্ড রাসোলোমাহান্দ্রী এক বিবৃতিতে চলমান রাজনৈতিক অচলাবস্থা
নিরসনের জন্য রাজনৈতিক গ্রুপ ও রাজনৈতিক নেতৃত্বের প্রতি আহবান জানান। এছাড়াও
বিদেশী কূটনীতিকদের প্রতিও তিনি সঙ্কট নিরসনের ব্যাপারে এগিয়ে আসার এখতিয়ার
বহির্ভূত আহবান জানান। রাসোলোমহান্দ্রী বলেন, 'আমরা সকল রাজনৈতিক দল, সিভিল সমাজের
সংগঠনসমূহ-সহ সকল পক্ষের প্রতি অবিলম্বে পুনরায় আলাপে বসার আকুতি জানাচ্ছি। তবে
আলোচনায় বসার ব্যাপারে আহবান জানানোর সাথে-সাথে ক্ষমতা দখল করে নেয়ার ব্যাপারে
সেনা-বাহিনীর প্রস্তুত হয়ে থাকার বিষয়টিও স্পষ্ট করে দিয়েছেন জেনারেল
রাসোলোমহান্দ্রী। এ-প্রসঙ্গে তিনি বলেন, 'উল্লেখিত সময়-সীমার মধ্যে কোনো সমাধান
খুঁজে পাওয়া না গেলে, আমরা, সশস্ত্র বাহিনী, জাতির বৃহত্তর স্বার্থে আমাদের উপরে
অর্পিত দায়িত্ব পালনে এগিয়ে যাবো।' উল্লেখ্য, মাদাগাস্কারের সেনা-প্রধানের পক্ষ
থেকে আসা ভাষণটি যে-কোনো দেশের রাষ্ট্র-ক্ষমতায় সামরিক বাহিনীর হস্তক্ষেপের পূর্বের
সময়টিতে দেয়া বক্তব্যের অনুরূপ।
পর্যবেক্ষকদের ধারণা, গত প্রায় তিনমাস ধরে মাদাগাস্কারের রাজনীতিতে
যে-সংঘাত-অচলাবস্থা চলছে, তার ফলশ্রুতিতেই ক্ষমতা দখলের হুমকি দেয়ার অবস্থান তৈরী
করে নিতে সক্ষম হয়েছে সেনাবাহিনী। ইতোমধ্যে সেনাবাহিনীর চাপে মাদাগাস্কারের
প্রতিরক্ষা-মন্ত্রী মামী রানাইভোনিয়ারিভোবকে পদত্যাগ করতে হয়েছে। সেনা-অফিসারদের
দাবী, এন্ড্রী রাজওলিনার নের্তৃত্বাধীন সরকার-বিরোধী আন্দোলন দমনের জন্য
সেনা-বাহিনীকে ব্যবহার করছিলেন মানী।
গত তিনমাসে সরকারী বাহিনীর হাতে
বিরোধী-দলীয় শতাধিক মানুষ নিহত হয়েছেন দ্বীপ-রাষ্ট্রটিতে। বিরোধীদের পক্ষ থেকে
প্রেসিডেন্ট মার্ক রাভালোমানানার শাসনের বিরোধিতা করা হচ্ছে।
এদিকে,
দৃশ্যতঃ সেনা-বাহিনীর হুমকির মুখে বিরোধী-পক্ষের সাথে আপোষ-রফার পথে হাঁটবার আগ্রহ
ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট মার্ক রাভালোমানানা। মঙ্গলবার সেনা-প্রধানের কাছ থেকে
আসা হুমকির পর-পর দেয়া এক টেলিভিশন-ভাষণে তিনি জানান যে, তিনি ভুল করেছেন। একই সাথে
তিনি আরও বলেন, 'রাজনৈতিক সঙ্কটের সমাপ্তি হয়েছে। আমি [বিরোধী পক্ষের] কথা শুনতে
প্রস্তুত। আমি একজন মানুষ, আমার ভুল হতে পারে।' প্রেসিডেন্টের পক্ষ থেকে আসা
বক্তব্যের পরে গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে বিরোধী দল কেমন ভূমিকা নেয়, সেদিকেই এখন
তাকিয়ে আছেন পর্যবেক্ষকরা। সরকার-বিরোধী প্রধান নেতা এন্ড্রী রাজোলিনা গত শনিবার
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মাদাগাস্কারের ফরাসী দূতাবাসে আশ্রয় নিয়েছেন।
লন্ডনঃ ১০
মার্চ ২০০৯
|