|
আবু গারিবে শিয়া-সুন্নী সম্মিলনীতে বোমাঃ প্রাথমিক খবরে নিহত ৩৩
মঙ্গলবার
বাগদাদের আবু গারিব এলাকাতে আত্মঘাতী এক বোমা হামলা চালিয়ে কমপক্ষে ৩৩ ব্যক্তিকে
হত্যা করা হয়েছে। এছাড়াও বার্তা-সংস্থার খবর অনুসারে, হামলার ঘটনায় গুরুতরভাবে আহত
হয়েছেন অর্ধ-শতাধিক ব্যক্তি। শিয়া ও সুন্নী সম্প্রদায়ের গোত্রপতিদের
সৌহার্দ-সম্মিলনীতে চালানো হামলাতে কয়েক-জন নিরাপত্তা রক্ষী-সহ অন্তত দুজন
সাংবাদিকের প্রাণহানির খবর পাওয়া গেছে।
জানা
গেছে, ইরাক-ব্যাপী শিয়া ও সুন্নীদের মধ্যে সৌহার্দ বৃদ্ধির লক্ষ্যে সারা দেশ থেকে
সমবেত হয়েছিলেন উভয় সম্প্রদায়ের বেশ কিছু গোত্রপতি ও নিরাপত্তা বাহিনীর লোকজন।
হামলার সময়টিতে এরা আবু গারিবের একটি জনাকীর্ণ বাজার পরিদর্শন করছিলেন। এর কিছু সময়
আগেই তারা আবু গারিবের মিউনিসিপ্যাল হেড-কৌয়ার্টার্সে সরকারী উদ্যোগে আয়োজিত
সম্প্রীতি জোরদার বিষয়ক সভাতে অংশ নেন। বাগদাদ আর্মীর মুখপাত্র ব্রিগেডিয়ার-জেনারেল
কাশিম আতা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রাইবাল এফেয়ার্স প্রধান মেজর-জেনারেল
আবদেল হাসানের নেতৃত্বে আবু গারিবের বাজারটি যখন সভার অংশগ্রহণকারীরা ঘুরে
বেড়চ্ছিলেন, ঠিক তখনই আত্মঘাতী বোমা হামলাটি চালানো হয়।
উল্লেখ্য, সাদ্দাম হোসেনের শাসনাবসানের পর থেকেই ইরাকে শিয়া-সুন্নী সংঘাত অব্যাহত
আছে। উল্লেখ্য, ইরাক শিয়া সংখ্যা-গরিষ্ঠ দেশ হলেও সাদ্দামের আমলে এ-সম্প্রদায়টি
নিপীড়িত হবার অভিযোগ আছে। সাদ্দামকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার পরে দেশটিতে মার্কিন
আর্শীবাদপুষ্ট শিয়া প্রাধান্য-ভিত্তিক সরকার প্রতিষ্ঠা হয়েছে। গত কিছু দিন ধরে
ইরাকী প্রধানমন্ত্রী নূরি আল মালিকি শিয়া-সুন্নী সম্পর্ক উন্নয়নের ব্যাপারে জোর
গুরুত্ব আরোপ করছেনে। কিন্তু মঙ্গলবারেরটি-সহ গত কয়েক দিনের হামলাগুলোর কারণে
পরিস্থিতি ভিন্নখাতে এগিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সরকারী
সূত্রকে উদ্ধৃত করে সংবাদ-মাধ্যম জানিয়েছে, আবু গারিবের হামলাটিতে বেসামরিক লোকজন
ছাড়াও নিরাপত্তা বাহিনীর একাধিক সদস্য প্রাণ হারিয়েছেন। এছাড়াও ঘটনাস্থলে খবর
সংগ্রহে ব্যস্ত থাকা অবস্থাতে দুজন সাংবাদিকের প্রাণহানির খবর পাওয়া গেছে। এরা
কায়রো-ভিত্তিক বাগদাদিয়া টিভির কর্মী বলে জানা গেছে। বোমা হামলাতে আরও তিনজন
সাংবাদিকের আহত হবার খবর পাওয়া গেছে। কে বা কারা হামলাটি চালিয়েছে, তা মঙ্গলবার রাত
পর্যন্ত জানা যায়নি।
উল্লেখ্য, মাত্র
দুদিন আগেই বাগদাদের পুলিস একাডেমীর ঠিক বাইরে এক আত্মঘাতী
হামলা চালিয়ে ২৮ ব্যক্তিকে হত্যা করা হয়েছে।
লন্ডনঃ ১০ মার্চ ২০০৯ |