|
লিওনার্দো দ্য ভিঞ্চির প্রতিকৃতির সন্ধান লাভ ইতালীর প্রত্যন্ত
গ্রামে
পশ্চিমের
রেঁনেসার অন্যতম সূচনাকারী হিসাবে চিহ্নিত ব্যক্তিত্ব লিওনার্দো দা ভিঞ্চির
(১৪৫২-১৫১৯) একটি প্রতিকৃতির সন্ধান পাওয়া গেছে দক্ষিণ ইতালীর প্রত্যন্ত অঞ্চলের
একটি গ্রামে । শিল্পকর্মটির হদিস লাভকারী ঐতিহাসিক জানিয়েছেন, ভিঞ্চি নিজেই
তৈল-চিত্রের মাধ্যমে নিজের প্রতিকৃতিটি এঁকেছিলেন। ঠিক কবে প্রতিকৃতিটির হদিস পাওয়া
গেছে তা জানা যায়নি। তবে এ-বিষয়ক খবরটি সংবাদ-মাধ্যমে এসেছে সোমবার।
খবরে প্রকাশ,
নিকৌলা ব্যারবাতেলি নামের একজন গবেষক দক্ষিণ ইতালীর প্রত্যন্ত গ্রাম আসেরেনৎসাতে
প্রথম ক্রুসেডের উপরে গবেষণা-কালে ভিঞ্চির প্রতিকৃতিটির সন্ধান পেয়ে যান।
বাসিলিকাতা অঞ্চলের ব্রাদানো নদীর তীরের আসেরেনৎসা হচ্ছে হাজার তিনেক
জনসংখ্যা-সম্পন্ন প্রাচীন আমলের একটি গ্রাম। বারবেতেলি সেখানে পুরোনো দিনের
‘অভিজাত’
একটি পরিবারের ঐতিহাসিক দলিল-পত্র ও চিত্র-সংগ্রহের উপরে গবেষণা চালাচ্ছিলেন।
নিরাপত্তা-জনিত কারণে পরিবারটির পরিচয় প্রকাশ করা হয়নি। অনেকটাই নষ্ট হয়ে যাওয়া
তৈল-চিত্রটিতে দেখা যায় ভিঞ্চি হচ্ছেন গভীর নীল দুটি চোখ, উন্নত নাসা, ঝুলে পড়া
গোঁফ ও লম্বা চুলের অধিকারী একজন ব্যক্তি।
বারবেতেলি
সংবাদ-মাধ্যমকে জানিয়েছেন, ২৪ ইঞ্চি - ১৭ ইঞ্চির এ-তৈলচিত্রটি লিওনার্দো ভিঞ্চির
নিজের হাতে আঁকা শিল্পকর্ম হবার সমূহ সম্ভাবনা আছে। বক্তব্যের পক্ষে যুক্তি দেখিয়ে
তিনি জানান, ভিঞ্চি তুসক্যানী থেকে কর্মোপলক্ষ্যে ফ্লৌরেন্স ও মিলানে এসেছিলেন,
এছাড়াও ভিঞ্চি বাসিলাকাতাতেও এসেছিলেন। উল্লেখ্য, তুসকানীকে রেঁনেসার অন্যতম
উৎপত্তি-স্থল হিসাবে বিবেচনা করেন অনেক বিশেষজ্ঞ। তুসকানীর ভিঞ্চি গ্রামেই জন্ম
নিয়েছিলেন একাধারে চিত্রকলা, ভাস্কর্য, বিজ্ঞান, স্থাপত্য-শিল্প, শারীর-তত্ত্ব,
সঙ্গীত ও প্রকৌশল-সহ বহুবিধ বিদ্যার অধিকারী লিওনার্দো দা ভিঞ্চি।
ভিঞ্চিতে
মিউসিও আইদিয়েল লিওনার্দো দা ভিঞ্চির পরিচালক আলেসান্দ্রো ভিৎসোসি জানিয়েছেন
প্রাথমিক বিচারে এটা বুঝা যাচ্ছে যে, বাসিলাকাটাতে হদিস পাওয়া শিল্পকর্মটি
রেঁনেসা-যুগেই আঁকা। তবে তিনি জানিয়েছেন শিল্পকর্মটি ক্রিস্তোফ্যানো দেল আলতিসিমোর
আঁকা নাকি ভিঞ্চির নিজের, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। আলতিসিমো ফ্লৌরেন্সের উফিজি
গ্যালারীর জন্য ভিঞ্চির প্রতিকৃতি এঁকেছিলেন। উল্লেখ্য, ১৫১২ সালে লাল চকে আঁকা
একটি ড্রইংকে ভিঞ্চির নিজের আঁকা একমাত্র প্রতিকৃতি হিসাবে সর্বমহল থেকে স্বীকৃতি
দেয়া হয়। ড্রইংটি বর্তমানে ইতালীর তুরিনে বিব্লিওতেকা রীয়েলে রক্ষিত আছে। এছাড়া
রাফায়ালের স্কুল অফ এথেন্স নামের শিল্পকর্মটিতেও ভিঞ্চির প্রকৃত চেহারা ফুটে উঠেছে
বলে মনে করা হয়।
লন্ডনঃ ২৪ ফেব্রুয়ারী, ২০০৯
|