|
ব্রিটিশ
কিশোরীদের অপরাধ-প্রবণতা বৃদ্ধিঃ সরকারী
প্রতিবেদন প্রকাশ
ব্রিটেইনে
কিশোরীদের মধ্যে অপরাধ প্রবণতা ব্যাপকভাবে বেড়ে গেছে। শুক্রবার সরকার প্রকাশিত
উইম্যান এন্ড দ্য ক্রিমিন্যাল জাস্টিস সিস্টেম শীর্ষক প্রতিবেদনে জানা এ-তথ্য।
বিশেষ করে কিশোরীদের মধ্যে অপরাধ সংগঠনের প্রবণতা ভীষণ বেড়ে যাবার স্পষ্ট চিত্র
পাওয়া গেছে সরকারী প্রতিবেদনটি থেকে। বিশেষজ্ঞদের মতে সর্বশেষ সংখ্যাটির মধ্য দিয়ে
ব্রিটেইন-ব্যাপী ক্রমবর্ধমান 'ল্যাডিট কালচারের' ভয়াবহ চিত্রটিই নতুন করে ফুটে
বেরিয়েছে।
উল্লেখ্য
'ল্যাডিট কালচার' বলতে এমন এক পরিস্থিতি বুঝানো হয়, যখন কিশোরীদের মধ্যে ধূমপান,
কথায়-কথায় কসম খাওয়া, মারামারি, মদ্যপান, ক্লাসে পাঠদানে বিঘ্ন ঘটানো, যৌন-বিষয়ে
খোলামেলা হয়ে পড়া, হিংসুটে মনোভাব ও চ্যাঁচামেচি করার মত অনাকাংখিত প্রবণতাগুলো
ব্যাপকভাবে বেড়ে যায়।
মিনিস্ট্রী অফ জাস্টিসের প্রকাশিত পরিসংখ্যান-মতে ২০০৭ সালের তুলনায় গত বছরটিতে ১০
থেকে ১৭ বছর বয়ঃসীমার কিশোরীদের মধ্যে অপরাধ সংগঠনের প্রবণতা বেড়েছে ২২ শতাংশ। ইয়ুথ
জাস্টিস বৌর্ড জানিয়েছে, ২০০৮ সালে এসে ২০০৩ সালের তুলনায় কিশোরীদের পরিচালিত
সহিংস-আক্রমণের ঘটনা বেড়েছে ৪৮ শতাংশ। ২০০৩ সালে ইয়ুথ অফেন্ডিং টীম এ-ধরণের ১০
হাজার চারশো বারোটি ঘটনায় হস্তক্ষেপ করে। ২০০৮ সালে এসে এ-সংখ্যা দাঁড়ায় ১৫ হাজার
চারশো তেরোটিতে। ২০০৩ থেকে ২০০৮ সালের মধ্যে কিশোরীদের জন-শৃংখলা ভঙ্গের প্রবণতা ৩৭
শতাংশ বেড়ে ৫ হাজার আটশো বায়ান্নতে দাঁড়িয়েছে। আর কিশোরীদের মধ্যে বর্ণবাদী
মানসিকতা-সম্পন্ন অপরাধ-প্রবণতা বেড়েছে ১১৩ শতাংশ (৭৫৮টি)।
প্রতিবেদনে প্রকাশ, এখন পর্যন্ত নারীদের তুলনায় পুরুষদের মধ্যে অপরাধ প্রবণতার হার
বেশি হলেও এ-ব্যবধান দ্রুতই কমে যাচ্ছে। ক্রাইম এ্যান্ড জাস্টিস সার্ভে প্রকাশিত এক
জরীপ থেকে তথ্য ব্যবহার করে প্রতিবেদনে বলা হয়, ২০০৮ সালের ১২ মাসে ২৫ বছরের কম
বয়ঃসীমার পুরুষদের মধ্যে ২৬ শতাংশ উত্তরদাতা কোনো না কোনো সমাজ-বিরোধী তৎপরতায়
লিপ্ত থাকার কথা স্বীকার করেছেন। নারীদের ক্ষেত্রে এ-হার ১৭ শতাংশ। তবে
প্রতিবেদন-প্রণেতারা জানিয়েছে, ২০০৬ সালেও পুরুষদের ক্ষেত্রে একই হার থাকলেও
নারীদের ক্ষেত্রে এ-হার ছিলো ১১ শতাংশ। এছাড়াও কিশোরীদের মধ্যে অপরাধ-প্রবণতার
সর্বোচ্চ হার ১৮
বছর থেকে ১৫ তে নেমে এসেছে। ইয়ুথ অফেন্ডিং টীমের দেয়া হিসাব ব্যবহার করে প্রতিবেদনে
বলা হয় ২০০৪ থেকে ২০০৮ সালের মধ্যে কিশোরীদের অপরাধ সংগঠনের হার ২২ শতাংশ বাড়লেও
কিশোরদের ক্ষেত্রে কমেছে ৯ শতাংশ।
তথ্যমতে,
বিভিন্ন ধরণের অপরাধে যুক্ত হবার দায়ে ২০০৬-০৭ সালে ব্রিটেইনে বিভিন্ন বয়সের আড়াই
লক্ষের অধিক নারী পুলিসের হাতে গ্রেফতার হয়েছেন, যা পূর্ববর্তী পাঁচ বছরের তুলনায়
সংখ্যার দিক থেকে ৩৯ হাজার বেশি। এছাড়াও একই সময়-কালে ১০ থেকে ১৫ বছর বয়ঃসীমার
বালিকাদের গ্রেফতার হবার সংখ্যা ৫৩ হাজার আটশো থেকে বেড়ে ৭১ হাজার হয়েছে। আর
গ্রেফতার না হলেও পুলিসের কাছ থেকে সতর্কতা প্রাপ্ত বালিকার সংখ্যা ৩৮ হাজার পাঁচশো
থেকে বেড়ে ৫৮ হাজার ছ'শো হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার প্রতিবেদনটিতে ব্রিটিশ কিশোরীদের অপরাধ-প্রবণতা সংক্রান্ত
যে-চিত্রটি ফুটে উঠেছে, তা নতুন কিছু নয়। গত কয়েক বছর ধরেই অপরাধমূলক নানান
তৎপরতাতে ইউরৌপের অন্য দেশগুলোর তুলনায় ব্রিটিশ কিশোরীরা এগিয়ে থাকছে।
লন্ডনঃ ৩০ জানুয়ারী,
২০০৯
|