London:

Home

About us

Services

Contact

Archive

স্যার পল স্টিফেনসন লন্ডন মেট্রৌ পুলিসের নতুন চীফ রূপে মনোনীত

লন্ডন মেট্রৌপলিটান পুলিসের নতুন প্রধান হিসেবে মনোনীত হয়েছেন স্যার পল স্টিফেনসন। তার নিয়োগ দানের চিঠি রানীর স্বাক্ষরের জন্য পাঠানো হয়েছে। স্যার স্টিফেনসন এতদিন বিদায়ী প্রধান  স্যার ইয়ান ব্লেয়ারের সহকারী হিসেবে কাজ করেছেন।

বুধবারের খবরে প্রকাশ, হৌম সেক্রেট্যারী জ্যাকী স্মিথ স্টিফেনসনের নিয়োগ দানের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। এক্ষেত্রে তিনি লন্ডন মেয়র বরিস জনসনেরও সমর্থন পেয়েছেন। কনসার্ভেটিভ পার্টির হয়ে মেয়র নির্বাচনে জয়ী হওয়া জনসন ইতিমধ্যে জানিয়েছেন, স্টিফেনসন যোগ্যতম প্রার্থী এবং তার নিয়োগ প্রাপ্তিতে সকল দলের সমর্থন রয়েছে। উল্লেখ্য, লন্ডন মেট্রৌ পুলিসের চীফের পদে স্টিফেনসন  ছাড়াও আরেক জন প্রার্থী ছিলেন নর্দান আয়ারল্যান্ডের চীফ কনস্টেবল স্যার হিউ অর্ডে।

এদিকে ভবিষ্যতের চ্যালেইঞ্জগুলো সফলভাবে মোকাবেলার অঙ্গীকার ব্যক্ত করে ৫৫ বছর বয়সী স্টিফেনসন সংবাদ-মাধ্যমকে জানান, পুলিস চীফ পদে নিয়োগ প্রাপ্তির সিদ্ধান্তে তিনি অত্যন্ত গর্বিত। তিনি আরও জানান, পদে যোগদানের পর অপরাধ কমিয়ে আনা ও পুলিসের প্রতি লন্ডনের সকল কমিউনিটীর আস্থা অর্জন করাই হবে  মূল লক্ষ্য। উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে লন্ডন মেট-পুলিশের অস্থায়ী প্রধান হিসাবে কাজ করছিলেন স্টিফেনসন। কিছুদিন আগে কনসার্ভেটিভ পার্টীর শ্যাডৌ মিনিস্টার ফর ইমিগ্রেশান ডেমিয়ান গ্রীনের গ্রেফতার ও তার ওয়েস্ট মিনিস্টারের অফিসে তল্লাশীর কারণে স্টিফেনসনকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে।

১৯৭৫ সালে পুলিসের চাকুরীতে যোগ দেয়া স্যার স্টিফেনসন ২০০৮ সালে নাইটহুড খেতাব লাভ করেছেন। পর্যবেক্ষকদের ধারণা লন্ডনের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানোর গুরু-দায়িত্ব পালনের সাথে-সাথে ২০১২ সালের লন্ডন অলিম্পিককে নির্বিঘ্ন রাখাটা হবে স্যার পল স্টিফেনসনের অত্যন্ত জরুরী  এক দায়িত্ব।

লন্ডনঃ ২৮ জানুয়ারী, ২০০৯

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.