|
যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন বারাক
ওবামা
মার্কিন
যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা মঙ্গলবার গ্রীনিচ মান সময় ১৭০০টায়
শপথ গ্রহণ করেছেন । তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম আফ্রিকান-আমেরিকান
কৃষ্ণাঙ্গ হিসেবে এ-দায়িত্বভার গ্রহণ করলেন। ইতিহাস সৃষ্টিকারী এ-শপথ গ্রহণ
অনুষ্ঠানের নিরাপত্তায় প্রায় ৪০ হাজার নিরাপত্তা কর্মী প্রস্তুত ছিলেন।
প্রেসিডেন্ট হিসেবে
যুক্তরাষ্ট্রের সংবিধান সংরক্ষণ, প্রতিরক্ষা ও নিরাপত্তা বজায় রাখার শপথ
গ্রহণ করেন বারাক ওবামা। শপথ গ্রহণ
অনুষ্ঠানে ওবামার পরিবারের সদস্যবৃন্দ, সদ্য সাবেক হওয়া প্রেসিডেন্ট জর্জ বুশ সহ
কয়েক জন সাবেক প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন। এছাড়াও সেনিট, হাউস অফ
রিপ্রেজেন্টিটিভসের সদস্যবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা
রাষ্ট্রীয় প্রতিনিধিবৃন্দ। ওবামার অভিষেক অনুষ্ঠান বড়ো পর্দায় দেখার জন্য
অসংখ্য লোকের পদচারণায় মুখর ছিলো ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মল। অভিষেকের পর যে-পথে
ওবামা ওয়াইট হাউসে যাবেন সে-প্যারেড রুটে'র টিকিট আগেই শেষ হয়ে গিয়েছিলো। কিন্তু
যারা বিনা টিকিটে প্যারেড দেখার আশায় ছিলেন তারা বৈরী
আবহাওয়া উপেক্ষা করে স্থানীয় সময় ভোর ৪টা থেকে অনুষ্ঠান স্থলের দিকে ছুটতে শুরু
করেছিলেন।
মঙ্গলবার সকালে
প্রেসিডেন্ট-ইলেক্ট বারাক ওবামা ও তার পরিবার এবং ভাইস-প্রেসিডেন্ট হিসেবে মনোনীত
জৌ-বিডেন ও তার পরিবার সেইন্ট জৌনস এপিস্কোপ্যাল চার্চে যান।
সেখান থেকে তারা বিদায়ী প্রেসিডেন্ট জর্জ বুশ এবং ভাইস প্রেসিডেন্ট ডিক
চেনীর সাথে ওয়াইট হাউসে এক চা-চক্রে মিলিত হন। পরে সকলে
একত্রে অনুষ্ঠান স্থলের দিকে যাত্রা শুরু করেন। ওবামা যুক্তরাষ্ট্রের ৪৪তম
প্রেসিডেন্ট শপথ গ্রহণ শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করেন। এদিকে ওবামার অভিষেক
স্মরণীয় করে রাখতে ব্রিটেইনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা
হয়েছে। লন্ডন, বেলফ্যাস্ট, এডিনবারা, বার্মিংহ্যাম, লীডস্ ও লিভারপুলে এসব
অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শপথ গ্রহণ উপলক্ষ্যে রাণী দ্বিতীয় এলিজাবেথ ওবামাকে
ব্যক্তিগত অভিনন্দন পত্র পাঠিয়েছেন। এছাড়াও অভিনন্দন পাঠিয়েছেন প্রধানমন্ত্রী গর্ডন
ব্রাউন।
লন্ডনঃ ২০ জানুয়ারী, ২০০৯ |