London:

Home

About us

Services

Contact

Archive

ওমর আব্দুল্লাহ্ জম্মু-কাশ্মীরের নতুন মুখ্য-মন্ত্রীঃ কংগ্রেসের সমর্থন দান

ওমর আব্দুল্লাহ্‌ ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের নতুন মুখ্য-মন্ত্রী হিসেবে সোমবার শপথ গ্রহণ করেছেন। কংগ্রেসের সমর্থন ও অংশগ্রহণে ওমর আব্দুল্লাহ্‌ নতুন মন্ত্রী পরিষদ গঠন করেছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে কংগ্রেস পার্টির প্রধান সোনিয়া গান্ধী ও তার ছেলে রাহুল গান্ধী উপস্থিত ছিলেন। নির্বাচনে জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের বয়কটের ডাক দেওয়া সত্ত্বেও উল্লেখ যোগ্য সংখ্যক ভৌটার ভৌট প্রদান করেছেন।

খবরে প্রকাশ, ন্যাশনাল কনফারেন্স পার্টির নেতা ৩৮ বছর বয়স্ক ওমর আব্দুল্লাহ্ জম্মু-কাশ্মীরের সর্বকনিষ্ঠ ও ১১তম মুখ্য-মন্ত্রী হিসেবে সোমবার শপথ নিয়েছেন। জম্মু ইউনিভার্সিটির জেনারেল জরোয়ার সিং অডিটোরিয়ামে কড়া নিরাপত্তার ভিতরে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। স্টেইট গভর্নর এন এন ভোরা আব্দুল্লাহ্‌র মন্ত্রীসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান। ১০ সদস্যের মন্ত্রী পরিষদে ন্যাশনাল কনফারেন্স পার্টির আব্দুল্লাহ্‌ ছাড়াও মিঞা আলতাফ আহমাদ, আব্দুল রহিম রাঠের, সুরজিত সিং সালাথিয়া এবং আলি মুহাম্মদ সাগর রয়েছেন। অপরদিকে কংগ্রেসের রয়েছেন তারা চাঁদ, তাজ মহিউদ্দীন, নাওয়াং রিগযিন জোরা, শামলাল শর্মা এবং পীরজাদা মোহাম্মদ সায়িদ। কংগ্রেসের পার্টির তারা চাঁদ সহকারী মুখ্য-মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর আগে রবিবার সন্ধ্যায়, কংগ্রেস পার্টির নেতা চৌধুরী মোহাম্মদ আসলাম ও কেন্দ্রীয় পানি-সম্পদ মন্ত্রী সাইফুদ্দীন সৌজ গভর্নর ভোরার সঙ্গে দেখা করে জম্মু-কাশ্মীরে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স পার্টির যৌথ সরকার গঠনের সম্মতি-পত্র হস্তান্তর করেন। উল্লেখ্য, ইতিপূর্বে কংগ্রেস সমর্থন দানের শর্ত হিসেবে অর্ধ-মেয়াদে মুখ্য-মন্ত্রী পদ দাবী করেছিলো। কিন্তু পরে তারা সে দাবী থেকে সরে এসে আব্দুল্লাহ্‌কে পূর্ণ-মেয়াদের মুখ্য-মন্ত্রী হিসেবে মেনে নিয়েছে।    

রাজ্যের শীতকালীন রাজধানী জম্মুতে শপথ নেওয়ার সময় আব্দুল্লাহ্‌ বলেন, আমি ভারতের সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষা করার শপথ করছি। ভারতের স্বাধীনতা লাভের পর থেকে কাশ্মীরের রাজনীতিতে প্রভাব বিস্তার করে থাকা রাজনৈতিক পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ইংল্যান্ডে জন্মগ্রহণ করা ওমর আব্দুল্লাহ্ রাজ্যের সর্বোচ্চ পদে নিযুক্তি লাভ করলেন। শতকরা প্রায় ৬০ ভাগ ভৌটারের অংশগ্রহণে অনুষ্ঠিত জম্মু-কাশ্মীরের নির্বাচনে ওমরকে পিতা ফারুক আব্দুল্লাহ্‌র তুলনায় অধিক জনপ্রিয় হিসেবে দেখা গিয়েছে। কাশ্মীরী রাজনৈতিক বিশ্লেষক বশির মাহজের বলেন, আমার মনে হয় কাশ্মীরের তরুণ প্রজন্ম ওমরকে নিজেদের একজন হিসেবে ভাবছে। ওমর কথা দিয়েছেন বিচ্ছিন্নতাবাদীদের কারণে গত দুদশক ধরে চলে আসা সংঘর্ষের ক্ষত সারিয়ে তুলবেন। এদিকে অল পার্টিজ হুরিয়াত কনফারেন্সের প্রধান মিরওয়াজ উমর ফারুক বলেন, তিনি [আব্দুল্লাহ্‌] জনগণের সাম্প্রতিক সময়ের মুক্তির আকাঙ্খাকে উপেক্ষা করতে পারেন না। তিনি যদি প্রকৃতপক্ষেই আন্তরিক হন তবে কাশ্মীরীদের আকাঙ্খাকে সম্মান জানাবেন।

লন্ডনঃ ৬ জানুয়ারী, ২০০৯

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.