|
ট্যাঙ্কার ছিনতাইকারী সোমালী
জলদস্যুদের দাবী পঁচিশ মিলিয়ন ডলার
কয়েক
দিন আগে ছিনতাই করে নিয়ে যাওয়া সৌদী তেল-ট্যাঙ্কারটি ফিরিয়ে দেয়ার বিনিময়ে পঁচিশ
মিলিয়ন ডলার দাবী করেছে সোমালিয়ার জলদস্যুরা।
বৃহস্পতিবারের ঘোষণাতে
দাবীকৃত অর্থ প্রদানের জন্য দশ দিন সময় বেঁধে দিয়েছে তারা।
উল্লেখ্য,
গত শনিবার কেনিয়ার উপকূল
থেকে পাঁচশো মাইলের মতো দূরে ভারত মহাসাগরের বুক থেকে সৌদী আরবের
ব্যক্তি-মালিকানাধীন সাইরাস স্টার নামের তেল-ট্যাঙ্কারটি ছিনতাই করে নেয়া হয়।
বৃহস্পতিবার নিজেকে ট্যাঙ্কার-ছিনতাইকারী দলের একজন হিসাবে পরিচয় দিয়ে মোহাম্মদ
সাঈদ নামের একব্যক্তি বলেন, ট্যাঙ্কারের সৌদী মালিকদের কাছ থেকে আমরা ২৫ মিলিয়ন
ডলার দাবী করছি, [তবে]
ব্যাপারটি ফয়সালা করার
জন্য আমরা দীর্ঘ-মেয়াদের আলাপ-আলোচনাতে জড়াতে চাই না।'
সাঈদ জানান, সৌদীদের ১০
দিন সময় হয়েছে এবং এ-সময়ের মধ্যে দাবী পূরণ করা না হলে এমন সিদ্ধান্ত নেয়া হবে যা
হতে পারে ধ্বংসাত্মক।
উল্লেখ্য,
সাইরাস স্টারকে বর্তমানে
সোমালী জলদস্যুদের নিরাপদ স্থান হারারদেহরের উপকূলে ভিড়িয়ে রাখা হয়েছে।
এ-স্থানটি মোগাদিসু থেকে
পাঁচশো মাইল দূরে।
বার্তা-সংস্থা এপিকে
সাঈদ জানান, তিনি সাইরাস স্টার থেকেই সহযোগীদের হয়ে ২৫ মিলিয়ন ডলারের দাবীটি
জানাচ্ছেন।
জলদস্যুদের পক্ষ থেকে ট্যাঙ্কার ফিরিয়ে দেয়ার বিনিময়ে যে-অর্থ চাওয়া হয়েছে, তা নিয়ে
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মালিক-পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
তবে সৌদী কর্তৃপক্ষ
বুধবার জানিয়েছে, মালিক-পক্ষ জলদস্যুদের সাথে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে।
ছিনতাই হবার সময়
ট্যাঙ্কারটিতে দু-মিলিয়ন ব্যারেল তেল ও ২৫ জন ক্রু ছিলো।
এ-যাবৎকালের সর্ববৃহৎ জাহাজ ছিনতাইয়ের ঘটনার ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত-কালে
ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরৌর (আইএমবি) পক্ষ থেকে বিদ্যমান পরিস্থিতিকে 'আউট অফ
কন্ট্রৌল' হিসাবে বর্ণনা করা হয়েছে।
সোমালী জলদুস্যদের
সর্বশেষ তৎপরতার ব্যাপারটিকে নিয়ে আন্তর্জাতিক মহলের মধ্যে বৃহস্পতিবারও নানা ধরণের
অস্বস্তির ভাব লক্ষ্য করা গেছে।
লোহিত সাগরের পারের আরব
রাষ্ট্রগুলো থেকে শুরু করে ন্যাটৌ,
ব্রিটেইন,
রাশিয়া,
যুক্তরাষ্ট্র ও ভারতের
সংশ্লিষ্ট বিভাগগুলো থেকে পৃথিবীর অন্যতম ব্যস্ত জলপথটিকে নিরাপদ করে তোলার
প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।
এছাড়াও বিভিন্ন পক্ষ
থেকে এ-ব্যাপারে বিভিন্ন ধরণের উদ্যোগ গ্রহণের অঙ্গীকারও করা হয়েছে।
সোমালীয়ার প্রধানমন্ত্রী নূর হাসান হুসেইনী এক সতর্ক বার্তায় জানান, সোমালিয়াতে
একটি কার্যকর সরকার গঠনের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে যথার্থ
উদ্যোগ না নেয়া হলে জলদস্যুরা ভবিষ্যতের দিনগুলোতে আরও অনেক ঘটনা ঘটাবে।
লন্ডনঃ ২০
নভেম্বর ২০০৮ |