|
শিকাগৌতে হিলারীর সাথে একান্ত
বৈঠক ওবামারঃ সামনে
অস্পষ্টতা
দলীয়
মনোনয়ন লাভের জন্য দেড় বছর-ব্যাপী লড়াইয়ের প্রতিদ্বন্দ্বী নিউইয়র্ক সেনিটর হিলারী
ক্লিন্টনের সাথে একান্ত বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট-ইলেক্ট বারাক ওবামা।
বিলম্বে প্রকাশিত খবরে
প্রকাশ, বৃহস্পতিবার রাতে শিকাগৌতে
অনুষ্ঠিত বৈঠকটিতে নতুন প্রশাসনে হিলারী জন্য কী ধরণের স্থান হতে পারে তা নিয়ে আলাপ
করেছেন ওবামা।
উভয়-পক্ষ থেকে বৈঠকের কথা
স্বীকার করা হলেও, এর বিষয়বস্তু নিয়ে কোনো কিছু
জানানো হয়নি।
তবে বিভিন্ন সূত্র থেকে জানা
যাচ্ছে, ওবামার পক্ষ থেকে হিলারীকে
সেক্রেট্যারী অফ স্টেইটের পদটি গ্রহণের প্রস্তাব দেয়া হয়ে থাকতে পারে।
কোনো মহল থেকেই এ-তথ্যের
সত্যতা নিশ্চিত করা হয়নি।
খবরে
প্রকাশ, বৃহস্পতিবার রাতে হিলারীকে
নিউইয়র্ক থেকে শিকাগৌ-গামী একটি বিমানে চড়তে দেখে সংবাদ-মাধ্যমের মধ্যে উৎসুক্য
ছড়িয়ে পড়ে।
পরে শিকাগৌতে ওবামার বাসস্থানের
আশেপাশের নিরাপত্তা কর্মীদের চাঞ্চল্য থেকে সাবেক দুই দলীয়-প্রতিদ্বন্দ্বীর
সাক্ষাতের ব্যাপারে নিশ্চিত হয়ে যায় সংবাদ-মাধ্যম।
শুক্রবার অবশ্য
এ-ব্যাপারে মুখে কুলুপ এঁটে রেখেছেন হিলারী।
আর ওবামা এদিন
সংবাদ-মাধ্যমের সামনেই আসেননি।
শুক্রবার নিউইয়র্কের
আলব্যানীতে পাবলিক ট্রানজিট কনফারেন্সে সাংবাদিকদের সাথে আলাপকালে হিলারী বলেন,
‘প্রেসিডেন্ট-ইলেক্টের
যে-প্রশাসন তৈরী হতে যাচ্ছে, সে-ব্যাপারে আমি কোনো
অনুমান বা বক্তব্য দেবো না।
আমি তার প্রক্রিয়ার
প্রতি সম্মান প্রদর্শন করতে চাই।‘ তিনি মজা করে বলেন, 'এ-সংক্রান্ত প্রশ্ন এলে
আমি তা [ওবামার] ট্রানজিশন টীমের দিকে পাঠিয়ে দেবো।' এতো কথার পরেও
সাংবাদিকদের পক্ষ থেকে কোনো প্রশ্ন আসতে পারে ভেবেই সম্ভবতঃ তাদের কাছ থেকে কোনো
প্রশ্ন গ্রহণ না করেই সাংবাদিক-সম্মেলন স্থলটি ত্যাগ করেন হিলারী।
নাম-প্রকাশে অনিচ্ছুক হিলারী-ঘনিষ্ঠ মহল অবশ্য সংবাদ-মাধ্যমকে জানিয়েছে ওবামার পক্ষ
থেকে সেক্রেট্যারী অফ স্টেইটের পদটি গ্রহণের অনুরোধ জানানো হলেও হিলারী তা অবশ্যই
গ্রহণ করবেন।
তবে কোনো-কোনো পর্যবেক্ষকদের
ধারণা ওবামা আসলে আলাপ-আলোচনার ভেতর দিয়ে হিলারীকে একটু বাজিয়ে দেখতে চাইছেন।
এছাড়াও হিলারী
ক্লিন্টনকে পদ দেয়া হলে সে-পদের উপরে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের প্রভাব পড়বে
কি-না, সে-ব্যাপারেও ওবামার মধ্যে
উৎকন্ঠা কাজ করতে পারে।
স্মরণ
করা যেতে পারে সুদীর্ঘ লড়াইয়ের পরে দলীয় মনোনয়ন লাভের লড়াইয়ে হিলারীকে পরাস্ত করতে
সক্ষম হয়েছিলেন ওবামা।
এরপর দলের ভিতরে-বাইরে
থেকে ওবামার রানিং-মেইট হিসাবে হিলারীর নাম ব্যাপকভাবে শোনা গেলেও তা শেষ পর্যন্ত
বাস্তবতার মুখ দেখেনি।
শোনা যায়, হিলারীকে রানিং মেইট
বানানোর ব্যাপারটি কখনোই গুরুত্বের সাথে নেননি ওবামা।
এক্ষেত্রে হিলারী
ক্লিন্টন ও তার সাথে-সাথে বিল ক্লিন্টনের ভাবমূর্তির নিচে ঢাকা পড়ে যাবার আশঙ্কা
করছিলো ওবামা শিবির।
সেক্রেটারী অফ স্টেইটের
পদ দেয়ার ক্ষেত্রেও এ-ধরণের আশঙ্কা কাজ করতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে দলীয় মনোনয়নের লড়াই
থেকে ছিটকে যাবার পরে, প্রেসিডেন্ট নির্বাচনের
দিনগুলোতে হিলারী যেভাবে দলীয় প্রার্থীর পক্ষে দাঁড়িয়ে প্রচারণা চালিয়েছেন তার
দ্বারা ওবামা ইতিবাচকভাবে প্রভাবিত হলেও হতে পারেণ।
উল্লেখ্য, ওবামা-প্রশাসনে
সেক্রেটারী অফ স্টেইটের পদটিকে কে পেতে পারেন তা নিয়ে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ তৈরী
হয়েছে।
যুক্তরাষ্ট্র প্রশাসনে সর্বোচ্চ কূটনীতিকের পদটির জন্য ইতিমধ্যে ২০০৪ সালে
ডেমৌক্র্যাটিক পার্টির পক্ষে প্রেসিডেন্ট পদের প্রতিদ্বন্দ্বী জন কেরী ও সিনেটের
লীডার টম ড্যাশলের
নামও বেশ শোনা যাচ্ছে।
লন্ডনঃ ১৪ নভেম্বর ২০০৮ |