London:

Home

About us

Services

Contact

Archive

আদর্শের জন্য জীবন-ত্যাগের সর্বশেষ দৃষ্টান্ত কর্নেল তাহেরঃ বাসদ

আমাদের ভূখণ্ডে আদর্শের জন্য নিজের জীবন-দানের সর্বশেষ দৃষ্টান্ত কর্নেল তাহের।' এ-কথাগুলো বলেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর শীর্ষনেতা খালেকুজ্জামান।

মঙ্গলবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত 'মুক্তিযোদ্ধা কর্নেল তাহের স্মরণে আলোচনা সভা'য় খালেকুজ্জামান বলেন, 'জীবন-মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষের মুক্তির জন্য, আদর্শের জন্য মনুষ্যত্বকে ঊর্ধ্বে তুলে ধরে হাসতে-হাসতে যারা শহীদের মৃত্যুবরণ করেন, তারা সভ্যতার অগ্রযাত্রায় এবং মনুষ্যত্ব রক্ষার সংগ্রামে যুগে-যুগে মানুষকে পথ দেখান। মানুষ তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করে প্রগতির পথে এগিয়ে যায়। কর্নেল তাহের তেমনই এক দৃষ্টান্ত আমাদের দেশের ও সময়ের।'

তাহের-দিবসের পরদিন আয়োজিত এবং প্রধানতঃ বাম-কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ-সভায় খালেকুজ্জামান বলেন, 'কর্নেল তাহেরের স্বপ্ন ছিলো শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার। আজ সে-স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রয়োজন সকল বামপন্থী শক্তির ঐক্যবদ্ধ আন্দোলন। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জাতীয় সম্পদ রক্ষা ও পুঁজিবাদী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে এগিয়ে আসতে হবে।'

উল্লেখ্য, বাংলাদেশে কর্নেল তাহেরের স্মৃতি-ধারকদের রাজনৈতিক পরিমণ্ডল প্রধানতঃ জাসদীয় হলেও সম্প্রতিকালে অন্যান্য রাজনৈতিক দলেরও সংশ্লিষ্টতা লক্ষ্য করা যায়। আওয়ামী লীগ থেকে শুরু করে ওয়ার্কার্স পার্টি, কমিউনিস্ট পার্টি ও বাসদ-সহ বিভিন্ন রাজনৈতিক দল কর্নেল তাহেরকে ইতিবাচকভাবে তুলে ধরে। তবে জাসদ ছাড়া একমাত্র বাসদই দলীয় কর্মসূচি হিসেবে কর্নেল তাহেরের মৃত্যুবার্ষিকী পালন করে থাকে।

ইউকেবেঙ্গলির ঢাকা-সূত্র জানায়, কর্নেল তাহেরের মৃত্যু দিবস অর্থাৎ ২১শে জুলাই বাংলাদেশের তাহের সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি সেমিনারের আয়োজন করলে সেখানে নিমন্ত্রিত বক্তা হিসেবে ভাষণদান-কালে বাসদ-নেতা খালেকুজ্জামান কর্নেল তাহেরের সমর্থকদের রাজনৈতিক অনুষঙ্গের সমালোচনা করেন। তিনি বলেন, 'কর্নেল তাহেরের সমর্থকেরা আজ-যে আওয়ামী লীগের মতো দলের সাথে রাজনৈতিক ভাবে সংশ্লিষ্ট হয়ে তাহেরের কথা বলছেন, তাহের যদি তার বিপ্লব প্রচেষ্টাটি শেখ মুজিবের শাসনামলে করতেন এবং একইভাবে ব্যর্থ হতেন, তাহলে শেখ মুজিবুর রহমানের ব্যবহার কি জিয়াউর রহমানের চেয়ে ভিন্ন কিছু হতে পারতো?'

প্রাসঙ্গিকভাবে তিনি উল্লেখ করেন, 'একইভাবে প্রয়াত বিপ্লব-প্রয়াসী সিরাজ শিকদারের সমর্থকদের দেখি বিএনপি'র সাথে যুক্ত হয়ে তারা তার হত্যার বিচার দাবী করেন। আমার প্রশ্ন, সিরাজ শিকদার যদি আওয়ামী লীগ আমলে না করে বিএনপি আমলে রাষ্ট্র বিপ্লবের চেষ্টা করতেন, তাহলে কি জিয়াউর রহমান তার প্রতি শেখ মুজিবুর রহমানের চেয়ে ভিন্ন কিছু আচরণ করতেন?'

খালেকুজ্জামান কর্নেল তাহের আদর্শ ও স্বপ্নের প্রকৃত ধারকদেরকে বিপ্লবী পথ পরিত্যাগ না করার আহবান জানিয়ে বলেন, 'রাশিয়াতে ১৯০৫ সালের ফেব্রুয়ারী বিপ্লব ব্যর্থ হয়েছিলো বলে লেনিন তো বিপ্লবের পথ ত্যাগ করে অন্য পথে যাননি; তিনি ব্যর্থ বিপ্লব থেকে শিক্ষা নিয়ে ি পথেই ১৯১৭ সালে সফল অক্টোবর (নভেম্বর) বিপ্লব করেছিলেন।' তিনি বলেন, 'একইভাবে কর্নেল তাহেরের বিপ্লব প্রচেষ্টা ১৯৭৫ সালে ব্যর্থ হবার কারণে আমাদেরকে বিপ্লবের পথ ছেড়ে দিয়ে পূঁজিপতিদের রাজনৈতিক দলের সাথে পুঁজিবাদী পথে চলতে হবে, এমনটি ভাবার কোনো সুযোগ নেই। কর্নেল তাহেরের ব্যর্থ বিপ্লব থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে তার স্বপ্ন বাস্তবায়নের জন্য বিপ্লবের দিকেই এগুতে হবে।'

লন্ডনঃ ২২ জুলাই, ২০০৮

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.