London:

Home

About us

Services

Contact

Archive

ভারতে আস্থা-ভৌটে জিততে দাগী-এমপিদের কাছে যাচ্ছে  কংগ্রেস

বাইশে জুলাই ভারতীয় পার্লামেন্টের আস্থা-ভৌটে জিততে মরীয়া কংগ্রেস পার্টি বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে আইনের চোখে অপরাধী সাব্যস্ত হওয়া এমপিদের দিকে হাত বাড়াতে শুরু করেছে বলে অভিযোগ পাওয়া গেছে বামপন্থীদের পক্ষ থেকে। এদিকে, পরিবর্তিত পরিস্থিতিতে ক্ষমতা যাওয়ার আকাঙ্খায় জ্বলে ওঠা হিন্দুত্ববাদী বিজেপি জানিয়েছে আস্থা ভোটে জয়লাভ করার জন্য প্রয়োজনীয় ভৌট তাদের হাতে আছে।

উল্লেখ্য, মার্কিনীদের সাথে পরমাণু চুক্তি সাক্ষরের বিরোধিতা করে গত সপ্তাহে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের উপর থেকে চার বছরের পুরোনো সমর্থন প্রত্যাহার করে নিয়েছে বামেরা। এর ফলে মনমোহন সিংহের সরকারকে আস্থা-ভৌটে অংশ নেয়ার সংসদীয় সদাচরণ অনুসরণ করতে হচ্ছে। খুব কম ভৌটের ব্যবধানে পার্লামেন্টের লোকসভার আস্থা-ভৌটের ফয়সালা হবে বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার (মার্কসিস্ট) [সিপিআইএম] পলিটব্যুরোর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে কংগ্রেসের বিরুদ্ধে উপরোক্ত অভিযোগটি উত্থাপন করা হয়। সিপিআইএম জানিয়েছে, মারাত্মক অপরাধের দায়ে জেল খাটছে এমন কয়েকজন এমপির সাথে কংগ্রেসের তরফ থেকে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়ঃ 'আইনগত দিক থেকে দেখলে তারা [সাজা-খাটা এমপিরা] পার্লামেন্ট হাজির হয়ে ভৌট দিতে পারেন, কিন্তু এক্ষেত্রে রাজনৈতিক নৈতিকতার প্রশ্নটি জড়িত হয়ে আছে। পুরো জাতির কাছে মনে হবে সরকারকে টিকিয়ে রাখার জন্য কংগ্রেস নেতৃত্ব দাগী আসামীদের উপরে নির্ভর করছে। কংগ্রেসের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে এমন তিনজন দাগী-এমপির নামও উল্লেখ করেছে সিপিআইএম। এরা হলেন, রাষ্ট্রীয় জনতা দলের রাজীব রঞ্জন ওরফে পাপ্পু যাদব ও মোহাম্মদ শাহাবুদ্দীন এবং লোক জনশক্তি পার্টির সুরাজ ভান। এরা বিভিন্ন সময়ে অপরাধ কর্মের জন্য আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হয়েছিলেন।

এদের মধ্যে সিপিআইএম এর এমএলএ অজিত সরকারকে হত্যার দায়ে অভিযুক্ত হয়েছেন পাপ্পু। হত্যার অভিপ্রায়ে অপহরণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন শাহাবুদ্দীন। এছাড়াও সিপিআই (এমএল) কর্মী চন্দ্রশেখরের হত্যাকান্ডের ব্যাপারেও অভিযুক্ত হয়েছিলেন শাহাবুদ্দীন। সুরাজ ভানকেও হত্যাকান্ডের দায়ে সাজা দেয়া হয়েছে। বৃহস্পতিবারের দিল্লী হাইকৌর্টের  পক্ষ থেকে বাইশ তারিখে ভৌটে অংশ নেয়ার ব্যাপারে পাপ্পুকে (উপরের ছবি) অনুমতি দেয়া হয়েছে। বাকী দু'জনের কথা এখনো কিছু জানা যায়নি।

লন্ডনঃ ১৭ জুলাই, ২০০৮

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.