London:

Home

About us

Services

Contact

Archive

শেখ হাসিনা লন্ডনেঃ বোনের ছেলের বিয়েতে ফিনল্যান্ড যেতে বিরতি

সাময়িকভাবে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তার বোনের ছেলের বিয়েতে যোগ দেয়ার জন্যে আগামীকাল বুধবার ফিনল্যান্ড যাচ্ছেন। এ-উদ্দেশ্যে তিনি রোববার সকাল ৯টা ৩২ মিনিটে কানাডা থেকে ব্রিটিশ এয়ারওয়েজে হিথ্রৌ বিমান-বন্দরে এসে পৌঁছান। লন্ডনে তিনি ১৫ দিন অবস্থান করবেন। অন্যদিকে বাংলাদেশের হাইকৌর্ট সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা ভাসমান বিদ্যুৎকেন্দ্র স্থাপনে দুর্নীতি ও নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম আগামী দু মাসের জন্যে স্থগিত করেছে।

শেখ হাসিনার যুক্তরাজ্য ও ফিনল্যান্ড সফর সম্পর্কে জানতে ইউকেবেঙ্গলির পক্ষ থেকে সোমবার যোগাযোগ করা হয় যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হরমুজ আলীর সঙ্গে। তাঁর কাছে জানতে চাওয়া হয়ঃ 'বাংলাদেশের সংকটাপন্ন রাজনৈতিক পরিস্থিতির মধ্যে শেখ হাসিনাকে চিকিৎসার জন্যে সরকার সাময়িকভাবে মুক্তি দিয়েছেন; এ-রকম অবস্থায় তাঁর বিভিন্ন দেশসফরের যৌক্তিকতা নিয়ে কেউ কোনও প্রশ্ন তুললে আপনি বিষয়টিকে কীভাবে ব্যাখ্যা করবেন?'

এ-প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ নেতা হরমুজ আলী জানান, তিনি আশা করেন সবাই বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখবেন। কেনো-না, তিনি বলেন, 'শেখ হাসিনা কেবল একজন রাজনীতিকই নন, একইসঙ্গে তিনি একজন মা এবং তিনি একজন বোন। তাঁর পক্ষে গুরুত্বপূর্ণ পারিবারিক অনুষ্ঠান অগ্রাহ্য করা সম্ভব নয়।'

হরমুজ আলী বলেন, 'আসলে এটি বেড়ানো নয়, শেখ হাসিনা ফিনল্যান্ডের পথে লন্ডনে যাত্রাবিরতিতে আছেন। তিনি আরও জানান, 'এ-সুযোগে হাসিনা তাঁর মুক্তির জন্যে সংগ্রামকারী লন্ডনের বাঙ্গালীদের ধন্যবাদ জানাবেন।'

গুরুতরভাবে অসুস্থ শেখ হাসিনাকে চিকিৎসার জন্যে ১১ জুন সাময়িকমুক্তি দেয়া হয়। ১২ জুন তিনি উচ্চ-চিকিৎসা নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন। সেখান থেকে তিনি কানাডায় যান মেয়ে পুতুলের সঙ্গে দেখা করতে। রোববার হিথ্রৌ বিমান-বন্দরে সাংবাদিকদের সামনে তিনি কোনো রাজনৈতিক মন্তব্য করেননি। এসময় হাসিনা শুধু বলেন, আমি খুবই ক্লান্ত, আমি খুবই অসুস্থ। তিনি জানান, তাঁর এ-সফর একান্তই পারিবারিক। তিনি এসেছেন ছোটবোন শেখ রেহানার ছেলে ববীর বিয়েতে যোগ দেয়ার উদ্দেশ্যে।

শেখ হাসিনা আরও জানান, লন্ডনে তিনি ১৫ দিন থাকবেন। পরে কোনো একসময় সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি তার ছোটবোন রেহানার বাসার উদ্দেশ্যে রওনা হন। জানা যায়, অসুস্থতার কারণে শেখ রেহানা বিমান-বন্দরে উপস্থিত ছিলেন না।

রোববার হিথ্রৌ বিমান-বন্দরে আওয়ামী লীগের প্রায় চারশো নেতা-কর্মী শেখ হাসিনাকে স্বাগত জানাতে গিয়েছিলেন। ভিআইপি লাউঞ্জে সাবেক প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের ডেপুটী হাইকমিশনার আল্লামা সিদ্দিকীসহ অন্যান্য কর্মকর্তারা। এ-সময় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুদ্দীন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ কাশেম, বয়োজ্যেষ্ঠ নেতা সুলতান শরীফ, জালালউদ্দিন, আওয়ামী লীগ নেতা কাউন্সিলর মোশতাক কোরেশী, ক্রীড়া ও যুব-সম্পাদক হরমুজ আলী, যুবলীগ সভাপতি আনোয়ারুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক তারিফ আহমদ, সাংগঠনিক সম্পাদক জামাল খান, শেখ রেহানার ছেলে রেদোয়ান সিদ্দিকী ববি ও মেয়ে টিউলিপ।

পরে শেখ হাসিনার বিশেষ সহকারী ডঃ হাসান মাহমুদও সাংবাদিকদের জানান, শেখ হাসিনা পারিবারিক সফরে লন্ডন হয়ে ফিনল্যান্ড যাচ্ছেন। তবে তিনি সুনির্দিষ্ট কোনও পারিবারিক কারণ উল্লেখ করেননি।

লন্ডনঃ ৭ জুলাই, ২০০৮

ছবিঃ সৈয়দ আনাস পাশা

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.