|
ম্যান্ডেলার ৯০তম জন্মদিন উপলক্ষ্যে হাইড
পার্কে হচ্ছে কনসার্ট
৪৬৬৬৪
নেলসন ম্যান্ডেলার ৯০তম জন্মদিন উপলক্ষে
আজ শুক্রবার লন্ডনের হাইডপার্কে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ চ্যারিটি ৪৬৬৬৪ কনসার্ট। এইডস
ও এইচআইভি আক্রান্তদের সাহায্যার্থে এ-অনুষ্ঠানের মাধ্যমে তহবিল গঠন করবে
ম্যান্ডেলার চ্যারিটি সংগঠন ৪৬৬৬৪ ক্যাম্পেইন। সোমবার জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত
বিভিন্ন কর্মসূচিতে যোগ দেয়ার জন্যে ম্যান্ডেলা লন্ডন এসে পৌঁছান। উল্লেখ্য, আগামী
১৮ জুলাই ম্যান্ডেলার জন্মদিন।
শুক্রবারের এ-অনুষ্ঠানে যোগ দিচ্ছেন
যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি বিল ক্লিনটন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী গর্ডন
ব্রাউন, ওপরাহ উইনফ্রী, রবার্ট ডি নিরো এবং উইল স্মিথের মতো বিশ্বনেতা ও তারকারা।
সারা বিশ্বে এইডস ও এইচআইভি সম্পর্কে
সচেতনতা তৈরীর লক্ষ্যে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনাকারী ম্যান্ডেলার ৪৬৬৬৪
ক্যাম্পেইনের নাম রাখা হয়েছে কারাগারে বন্দী থাকার সময় তাঁর নামের সঙ্গে ব্যবহৃত
সংখ্যা অনুসারে। হাইড পার্কের কনসার্টটিতেও ৪৬৬৬৪ জন নন্দিত দর্শক-শ্রোতা উপস্থিত
থাকবেন বলে আশা করছেন আয়োজকরা। এর আগে নভেম্বর ২০০৩ সালে কেইপটাউনে, মার্চ ২০০৫-এ
জর্জ, দক্ষিণ আফ্রিকাতে, মে ২০০৫-এ মাদ্রিদে এবং জুন ২০০৫-এ ট্রোমসো এবং নরওয়েতে
৪৬৬৬৪-এর উদ্যোগে চারটি কনসার্ট অনুষ্ঠিত হয়।
হাইড পার্কের এ-কনসার্টে পারফর্ম করছেন
ক্যাম্পেইনটির নিয়মিত শিল্পী
এানি
লেনস্ক, লিওনা লুইস, কুইন, পল রজার, এডি গ্র্যান্ড,
এমি
উইনহাউস এবং জ্যামেলিয়া, আশির দশকের আলোচিত সঙ্গীতদল সুপার মাইন্ডস।
তবে আফ্রিকার সুপরিচিত মডেল নাওমি
ক্যাম্পবেলকে এ-দিনের অনুষ্ঠান থেকে বাদ দেয়া হয়েছে। উল্লেখ্য, নাওমিকে একসময়
ম্যান্ডেলা নাতনি হিসেবে গ্রহণ করেছিলেন এবং বুধবার জন্মদিনের ডিনারেও নাওমি যোগ
দিয়েছিলেন। গত এপ্রিল মাসে লন্ডনের হিথ্রো বিমান-বন্দরে দু’জন
পুলিশ কর্মকর্তাকে অপদস্থ করায় এবং পরে ওই অপরাধে শাস্তি পাওয়ায় নাওমিকে
আনুষ্ঠানিকভাবে এ-কনসার্টের বাইরে রাখা হয়েছে। অবশ্য আফ্রিকার উল্লেখযোগ্য সব
শিল্পীই এ-জন্মোৎসবে উপস্থিত থাকছেন। আরান্ডবি
তারকা এবং মাল্টি-সাউথ আফ্রিকান মিউজিক
এাওয়ার্ড
বিজয়ী লোয়িসো বালা-ও পারফর্ম করছেন শুক্রবারের কনসার্টে।
এর আগে বুধবার রাতে জন্মদিন উপলক্ষ্যে
নেলসন ম্যান্ডেলা মূলতঃ উন্নত বিশ্বের প্রধান সারির ৫২০ জন ব্যক্তির সঙ্গে এক
চ্যারিটি ডিনার করেন। এ-ডিনারে ছিলেন ব্রিটেইনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন,
যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি বিল ক্লিনটনের মতো সব নেতা এবং ড্যানজেল, উইল
স্মিথ, এলটন জনের মতো বিভিন্ন তারকা-ব্যক্তিত্ব। ডিনার শেষে জিম্বাবুয়ের রাজনৈতিক
পরিস্থিতি সম্পর্কে উচ্চারিত ম্যান্ডেলার মন্তব্য আন্তর্জাতিক প্রচারমাধ্যমগুলিতে
খুবই গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়।
লন্ডনঃ জুন ২৬, ২০০৮
|