London:

Home

About us

Services

Contact

Archive

প্রধানমন্ত্রীর পদত্যাগ নেপালেঃ নতুন সরকার গঠনের পথ উন্মুক্ত

প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে পূর্ব-বুঝাপড়া মোতাবেক পদত্যাগ করেছেন নেপালের এতদিনের প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা (৮৪)। নেপালী কংগ্রেস নেতার  বৃহস্পতিবারের ঘোষণাটির মধ্য দিয়ে নতুন কোয়ালিশন সরকারের গঠনের পথ উন্মুক্ত হলো দেশটিতে। উল্লেখ্য, এপ্রিল মাসে সাংবিধানিক পরিষদের নির্বাচনে মাওবাদী জয়লাভ করার কারণে, দলনেতা পুষ্পক কুমার দাহাল ওরফে প্রচন্ড প্রধানমন্ত্রী পদে আসীন হতে পারেন বলে কথাবার্তা শোনা যাচ্ছে।

বৃহস্পতিবার সাংবিধানিক পরিষদের অধিবেশবে বক্তব্য রাখার সময় বহুল আকাঙ্খিত পদত্যাগের ঘোষণাটি আসে কৈরালার কাছ থেকে। নতুন সরকার গঠনের ক্ষেত্রে ঐকমত্য পৌঁছানোর জন্যেও আহবান জানিয়েছেন তিনি। গত দু-বছর ধরে নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন কৈরালা। সাংবিধানিক পরিষদের নির্বাচনে তার দল বড়ো ধরণের পরাজয়ের মধ্যে পড়েছে। ৬০১ সদস্য-বিশিষ্ট পরিষদের সামনে বক্তব্য-কালে তিনি বলেন, 'প্রধানমন্ত্রী পদ থেকে ঘোষণা দেয়ার জন্যেই আমি এখানে হাজির হয়েছি। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে-ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, তা হচ্ছে আমাদের শক্তি এবং এই অংশীদারিত্ব টিকিয়ে রাখার জন্য আমি সকলের কাছে আহবান জানাচ্ছি।'

এদিকে, পরিষদের সংখ্যাগরিষ্ঠ দল কম্যুনিস্ট পার্টি অফ নেপালের (মাওবাদী) পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। মাওবাদীরা জানিয়েছে, কৈরালার ঘোষণার পর থেকে নেপালের সরকার প্রকৃত অর্থে তত্ত্বাবধায়ক সরকারে পরিণত হয়েছে। উল্লেখ্য, পদত্যাগ করে নতুন সরকার গঠনের সুযোগ করে দেয়ার জন্য গত কয়েক সপ্তাহ ধরেই কৈরালার প্রতি আহবান জানিয়ে আসছিলো মাওবাদীরা। কিন্তু মাওবাদীদের আহবান দিনের পর দিন ধরে উপেক্ষা করে যাচ্ছিলেন কংগ্রেস নেতা। পদত্যাগের ঘোষণা দেয়ার ক্ষেত্রে কেনো এতো বিলম্ব হলো, সে-ব্যাপারে কোন ধরণের তথ্য দেননি কৈরালা। তবে পর্যবেক্ষকরা মনে করেন, প্রেসিডেন্ট পদপ্রাপ্তির দর-কষাকষির সময় নেবার জন্য প্রধানমন্ত্রী পদটি ছাড়তে রাজী হচ্ছিলেন না গিরিজা কৈরালা।

জানা গেছে, কৈরালার কাছ থেকে পদত্যাগের ঘোষণা আসার আগের দিন, অর্থাৎ বুধবার নেপালের রাজনীতিক দলগুলো প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপ্রধান বেছে নেয়ার ব্যাপারে ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত মোতাবেক সাংবিধানিক পরিষদের সদস্যদের ভৌটের ভিত্তিতে উপরোক্ত দুই পদাধিকারীকে বেছে নেয়া হবে। উল্লেখ্য, সাংবিধানিক পরিষদ একজন প্রেসিডেন্ট বেছে নেয়ার পরে তার হাতে ক্ষমতা হস্তান্তর করবেন কৈরালা। বুধবার নেপালের সাত-দলীয় কোয়ালিশন সর্বমোট ২২-দফা ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হয়েছে।

লন্ডনঃ ২৬ জুন, ২০০৮

 
 

© 2007 Confidence Services Ltd.