|
পাকিস্তানে ডেনমার্ক দূতাবাসে
হামলার দায়িত্ব স্বীকার আল কায়দার
কয়েকদিনের
নীরবতার পরে ইসলামাবাদে ডেনমার্ক দূতাবাসে হামলার দায়িত্ব স্বীকার করেছে আল কায়দা।
বৃহস্পতিবার অজ্ঞাতস্থান
থেকে ইন্টারনেটে প্রচারিত এক বিবৃতিতে এ-তথ্য জানান দিয়েছে সংগঠনটি।
উল্লেখ্য, গত সোমবার হামলার পরপর
আল কায়দা বা তালেবানদের যুক্ত থাকার ব্যাপারে আনুষ্ঠানিক সন্দেহ প্রকাশ করেছিলো
ডেনমার্ক কর্তৃপক্ষ।
ইসলামাবাদে পরিচালিত
গাড়ীবোমা হামলাটিতে আট ব্যক্তি নিহত হয়েছিলেন।
এছাড়াও আহত হয়েছিলেন
প্রায় দু'ডজন লোক।
আল কায়দা
জানিয়েছে ডেনমার্কে ইসলামের নবীকে নিয়ে কার্টুন প্রকাশের বদলা হিসাবেই হামলাটি
চালানো হয়েছে।
যে-সব দেশে কার্টুনটি প্রকাশ
করা হবে, সে-সব দেশেই হামলা চালানো হবে।
আফগানিস্তান আল কায়দার
কমান্ডার স্বাক্ষরিত বিবৃতিতে সোমবারের গাড়ীবোমা হামলার সহযোগিতার জন্য পাকিস্তানের
'জিহাদীদের' প্রশংসা করা হয়েছে আল কায়দার পক্ষ থেকে।
উল্লেখ্য, পাক কর্তৃপক্ষের সাথে
সীমান্ত অঞ্চলের ধর্মীয় উগ্রবাদীদের যে শান্তি-রফা হয়েছিলো, তা হুমকির মুখে পড়েছে
হামলার পর থেকে।
আফগান সীমান্ত-অঞ্চলের
উগ্রবাদীদেরকে ব্যাপক ছাড়া দেয়ার মাধ্যমে অনাক্রমন বিষয়ক একটি রফা স্বাক্ষরিত
হয়েছিলো সপ্তাহ দুয়েক আগে।
কিন্তু বৃহস্পতিবার আল
কায়দার পক্ষ থেকে পাক 'জিহাদীদের' প্রশংসার কারণে রফার বাস্তবায়নের ব্যাপারে সন্দেহ
তৈরী হয়েছে।
আফগান আল
কায়দা কমান্ডার মুস্তাফা আবু আল ইয়াজিদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, কার্টুন
প্রকাশের বদলা নেয়ার যে-অঙ্গীকার ওসামা বিন লাদেনের পক্ষ থেকে করা হয়েছিলো, তা
সোমবারের হামলার মাধ্যমে পূর্ণ হয়েছে।
কার্টুনের ব্যাপারে
ডেনমার্ক কর্তৃপক্ষ এখনও পর্যন্ত ক্ষমা না চাওয়ার কারণে আরও হামলার জন্য প্রস্তুত
থাকার হুমকি দেয়া হয়েছে দেশটিকে।
আরও হামলার সম্ভাবনা
বুঝানোর জন্যে সোমবারের হামলাটিকে 'বৃষ্টিধারার প্রথম কণা' হিসাবে বর্ণনা করা হয়েছে।
এছাড়াও দূতাবাসের
হামলাটিকে 'বিধর্মী জাতিটি' [ডেনমার্ক] ও এর অনুসারীদের জন্য সতর্ক-বার্তা হিসাবে
আখ্যা দেয়া হয়েছে।
বৃহস্পতিবারের বিবৃতিটির
যথার্থতা ভালোভাবে নিশ্চিত করতে পারছেন না পর্যবেক্ষকরা।
তবে বক্তব্য প্রকাশের
জন্য আল কায়দা সাধারণতঃ যে-ওয়েবসাইটটি ব্যবহার করে থাকে, এবারও একই ওয়েবসাইটটি
ব্যবহার করা হয়েছে।
আল
কায়দার পক্ষ থেকে দূতাবাসে হামলার ব্যাপারে যে-দাবী জানানো হয়েছে, সে-ব্যাপারে পাক
কর্তৃপক্ষের কোনো ভাষ্য জানা যায়নি।
উল্লেখ্য, তালেবানদের সাথে
ইসলামবাদ যে-বোঝাপড়ায় পৌঁছেছে, সে-ব্যাপারে শুরু থেকে সন্দেহ পোষণ করছে পাকিস্তানের
প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার আল কায়দার
বক্তব্যের পরে এ-ব্যাপারে মার্কিন কর্তৃপক্ষ কী ধরণের প্রতিক্রিয়া জানায়, সেটাই এখন
দেখার বিষয়।
লন্ডনঃ ৫ জুন, ২০০৮
আর্কাইভ8 |