|
হিলারীর টীমের লোকজনকে সাথে
পেতে চাচ্ছেন ওবামা
বারাক
ওবামার নুতন এক আকাঙ্খার কথা শোনা গেছে মঙ্গলবার।
খবরে প্রকাশ, আগামী কয়েকদিনের মধ্যে
প্রতিদ্বন্দ্বিতার পালা শেষ হয়ে যাবার পরে হিলারী ক্লিন্টনের তহবিল সংগ্রহকারী
টীমের শীর্ষস্থানীয় লোকজনকে নিজেদের দিকে আনতে চাইছেন ওবামা ও তার দলবল।
এ-প্রক্রিয়া সফল হলে
ওবামার পক্ষে তহবিলের যোগানের ক্ষেত্রে নুতন করে জোয়ার আসবে বলে মনে করা হচ্ছে।
এছাড়াও দু'শিবিরের মধ্যে
মাসের পর মাস ব্যাপী তিক্ততা ঝেড়ে ফেলে রিপাবলিকান পার্টির মুখোমুখি হবার ক্ষেত্রেও
এই প্রক্রিয়াটি কাজে লাগবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ডেমোক্র্যাটিক পার্টির
প্রার্থীপদ প্রাপ্তির ব্যাপারটি প্রায় নিশ্চিত করে ফেলেছেন ওবামা।
বারাক
ওবামার টীমের পক্ষ থেকে জানানো হয়েছে, হিলারী ক্লিন্টন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে
পড়লে, তার [হিলারী] পক্ষে তহবিল
সংগ্রহকারী টীমের লোকজনকে ডেমোক্র্যাটিক পার্টির হয়ে রিপাবলিকানদের সাথে লড়ার জন্য
ওবামার শিবিরে যোগ দেয়ার জন্য আহবান হবে।
এ-মাসের ঊনিশ তারিখে
শিকাগোতে অনুষ্ঠিতব্য ওবামার ন্যাশনাল ফাইন্যান্স কমিটির সভা থেকে আনুষ্ঠানিকভাবে
এ-আহবান জানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ওবামা শিবিরের ধারণা,
হিলারী লোকজনকে পক্ষে টানা সম্ভব হলে নভেম্বরের নির্বাচনে লড়ার জন্য ৫০ থেকে ৭৫
মিলিয়ন বাড়তি ডলার উত্তোলন করা সম্ভব হবে।
ইতিমধ্যেই ক্ষুদ্র
দাতাদের কাছ থেকে অনলাইনে রেকর্ড পরিমাণ অর্থ উত্তোলনে সফল হলেও, ওবামা খুব
স্বাভাবিকভাবেই ডেমোক্র্যাটিক পার্টি তথা মার্কিন রাজনীতিতে ক্লিন্টন-ব্র্যান্ডের
সুবিধাটি নিতে চাইছেন বলে মনে করা হয়েছে।
সংবাদ-মাধ্যম সূত্রে প্রকাশ, হিলারী যতোক্ষণ পর্যন্ত অফিশিয়ালী প্রতিদ্বন্দ্বিতার
মাঠে আছেন, ততোক্ষণ পর্যন্ত তার শিবিরের লোকেরা ওবামাদের সাথে কোনো ধরণের কথাবার্তা
অগ্রসর করার ব্যাপারে অনিচ্ছুক।
তবে দলের প্রার্থী
চূড়ান্ত হয়ে গেলে সকলে মিলে রিপাবলিকানদের বিরুদ্ধে দাঁড়িয়ে দলের প্রার্থীকে জিতিয়ে
আনার প্রয়াস দেয়ার ব্যাপারে অনেকের মধ্যেই আপত্তির তেমন কিছু নেই।
ধারণা করা হচ্ছে, হিলারী লোকেরা যোগ দিলে
নির্বাচনী ব্যয় মেটানোর জন্য সব মিলিয়ে ৪শো থেকে ৫শো মিলিয়ন ডলার পর্যন্ত উত্তোলন
করা সম্ভব হবে।
এ-বিপুল পরিমাণ অর্থ রিপাবলিকান
প্রার্থী জন ম্যাককেইনের পক্ষে উত্তোলন করা সম্ভব হবে বলে কেউ মনে করছেন না।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট
নির্বাচনে কোন প্রার্থী কত ডলারের তহবিল দাঁড় করাতে পারছেন, প্রচারণার পেছনে কত অর্থ
খরচ করতে পারছেন তা একটি সবিশেষ যোগ্যতা হিসাবে বিবেচিত হয়।
হিলারী
টীমের শীর্ষস্থানীয় তহবিল সংগ্রাহকদের নিজেদের দিকে টানায় ওবামার জন্য খানিকটা
ঝুঁকির দিক আছে বলেও মনে করেছেন বিশ্লেষকরা।
বিশেষতঃ দীর্ঘদিন ধরে
তুমুল তিক্ততার পরে দু'পক্ষের এক হয়ে কাজ করাটা কতোটা সম্ভব হবে, সে-চিন্তা থেকেই
যাচ্ছে।
এছাড়াও হিলারীর শীর্ষ তহবিল
সংগ্রাহকদের মধ্যে যারা এতোদিন ধরে ওবামার বিভিন্ন নীতিমালার বিরুদ্ধে প্রকাশ্যে
সোচ্চার আছেন, তারা হঠাৎ করে তার পক্ষে দাঁড়িয়ে তহবিল উত্তোলন শুরু করলে, তা
ভৌটারদের কাছে কেমন হবে, সে-ব্যাপারেও পর্যবেক্ষকদের মধ্যে আশঙ্কা বিরাজ করছে।
উল্লেখ করার মতো ব্যাপার, হিলারীর তহবিলের বড়ো অংশ
কর্পোরেইট ডৌনারদের কাছ থেকে আসলেও, ওবামার ক্ষেত্রে ঘটেছে
উল্টো ব্যাপার।
ওবামা এ-পর্যন্ত প্রচারণার জন্য
২৫৬ মিলিয়ন ডলার উত্তোলনে সক্ষম হয়েছে।
এর মধ্যে ১২১ মিলিয়ন
ডলার (৪৭ শতাংশ) এসেছে ইন্টারনেটের মাধ্যমে ক্ষুদ্র দাতাদের কাছে থেকে।
তথ্যমতে, এ-পর্যন্ত
সর্বমোট দেড় মিলিয়ন মানুষ ওবামার জন্য চাঁদা দিয়েছেন।
হিলারীর
লোকজনকে শিবিরে ঢোকানোর পক্ষে-বিপক্ষে নানা মত থাকলেও, ওবামার টীম এ-ব্যাপারে
একমত যে, জন ম্যাককেইনকে ঠেকাতে হলে শুধুমাত্র রিপাবলিকান পার্টির প্রচার-প্রচারণার
দিকে নজর দিলেই হবে না।
বরং রিপাবলিকান পার্টির
সদস্য নয়, কিন্তু আদর্শগতভাবে রিপাবলিকান নীতিমালার পক্ষে অবস্থান করে, এ-ধরণের
গ্রুপগুলোর সাথে লড়তে হলে বিপুল পরিমাণ অর্থ নিয়ে প্রস্তুত থাকতে।
উল্লেখ্য, স্বাধীন
রিপাবলিকানদের কয়েকটি গ্রুপ বিপুল পরিমাণ অর্থ খরচ করে আগের বারের নির্বাচনে
ডেমোক্র্যাটিক প্রার্থী জন কেরিকে হারিয়ে দেয়ার ক্ষেত্রে বড়ো ভূমিকা রেখেছিলো।
সেদিক থেকে দেখলে হিলারী
ক্লিন্টনের লোকজনকে টীমে নিয়ে আসার ব্যাপারটি উপেক্ষা করতে পারছে না বারাক ওবামা
টীম।
লন্ডনঃ ৩
জুন, ২০০৮
আর্কাইভ8 |