|
'ব্লাডহাউন্ড'-প্রতি
ঘন্টায় হাজার মাইল চলতে পারা সুপারসনিক ব্রিটিশ গাড়ী
সম্প্রতি
ব্রিটিশ বিজ্ঞান মন্ত্রী লর্ড ড্রেইসন পৃথিবীর সবচেয়ে দ্রুততম গাড়ী নির্মাণের ঘোষণা
দিয়েছেন। ব্রিটেইনের শিশুদের বিজ্ঞান আর অঙ্ক বিষয়ে আগ্রহী
করে তোলার প্রয়োজনীয়তা উল্লেখ করে ড্রেইসন 'ব্লাডহাউন্ড এসএসসি' প্রকল্পের কথা
প্রকাশ করেন। প্রকল্পের প্রকৌশলীবৃন্দ জানান, 'ব্লাডহাউন্ড এসএসসি' নামের এ-গাড়ীটি
ঘন্টায় ১০০০ মাইল গতিবেগে ছুটতে পারবে। ৬.৪
টন ওজন বিশিষ্ট ৪২ ফুট লম্বা ও ৯
ফুট উচ্চতার গাড়ীটি আগামী এক বছরের মধ্যে তৈরী করতে পারবেন বলে আশা প্রকাশ করেন 'ব্লাডহাউন্ড'
টীমের সদস্যবৃন্দ।
খবরে প্রকাশ, বিগত
১৮ মাস যাবৎ একদল বিজ্ঞানী ও প্রকৌশলী অত্যন্ত গোপনীয়তার সাথে এ-দ্রুততম
গাড়ী নির্মাণ বিষয়ে কাজ করেছেন। তাদের গবেষণার হিসাব অনুযায়ী গাড়ীটি ঘন্টায় প্রায়
১০৫০ মাইল গতিবেগে ছুটতে সক্ষম হবে যা ৩৫৭ ম্যাগনাম রিভলবার
থেকে বেরিয়ে যাওয়া বুলেটের চেয়েও বেশি হবে। প্রকল্পটির সাথে
জড়িত রয়েছেন রয়্যাল এয়ার ফৌর্সের পাইলট এ্যান্ডী গ্রীন ও রিচার্ড নৌবল। গ্রীন ১৯৯৭
সালে নেভাদার ব্ল্যাক রক ডেজার্টে ঘন্টায় ৭৬৩ মাইল গতিবেগে গাড়ী চালিয়ে বিশ্ব
রেকর্ডের অধিকারী হয়েছিলেন, যা এখনো অক্ষুন্ন রয়েছে। আর সে-দিনের
রেকর্ড গড়ার কাজটির তত্ত্বাবধান করেছিলেন রিচার্ড নৌবল। বর্তমানে লন্ডন বিজ্ঞান
জাদুঘরে 'ব্লাডহাউন্ড'-এর উপর আলোকপাত করে সপ্তাহ-ব্যাপী
একটি প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
লন্ডনঃ ২৪ অক্টোবর,
২০০৮ |