|
এবারের
নির্বাচন এবং সর্ব-কালীন প্রবচন
সায়ীদুল হক খান
এতোক্ষণে
বাংলাদেশের নির্বাচনের ফলফলের গতি স্পষ্ট হয়ে গিয়েছে। নির্বাচন নিয়ে ভাবতে গিয়ে
প্রয়াত আহমদ ছফার বলা একটি কথা মনে পড়ে গেলো। তিনি একবার বলেছিলেন, নির্বাচনে আওয়ামী
লীগ হারলে, বাঙালী হেরে যায়। আওয়ামী লীগ জিতলে বাঙালীর কী
হয়, তা কি আহমদে ছফা বলেছেন? প্রশ্ন
হচ্ছে, এবারের বিজয়ের কারণে বাঙালী আওয়ামী লীগের কাছে কী প্রত্যাশা করাতে পারে?
আমি মনে করি,
ঐতিহাসিক কারণেই (জাতীয়তাবাদী আন্দোলনসমূহ একসূত্রে গ্রথিত করার পথিকৃৎ বিবেচনায়)
আওয়ামী লীগের কাছে বাঙালীর প্রত্যাশা অনেক বেশি। গত কয়েক বছরের চড়াই-উৎড়াই পার হয়ে
বাংলাদেশ যে-জায়গাটায় দাঁড়িয়েছে, সেখান থেকে জন্ম-নেয়া একটি প্রত্যাশার কারণেই
সম্ভবতঃ এবারে আওয়ামী লীগকে ভৌটও দিয়েছে স্বাভাবিক হিসাবের চেয়ে বেশি। স্মরণ করতে
পারি, এ-ধরণের ম্যান্ডেট নিয়ে সত্তরের আওয়ামী লীগ দেশকে স্বাধীনতার দিকে নিয়ে
গিয়েছিলো। এক্ষণে, ফের
প্রায় একই ধরণের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ কী করতে পারে?
আওয়ামী লীগ যা করতে
পারে, তা হচ্ছে প্রথমতঃ একাত্তর ও পঁচাত্তরের হত্যাকাণ্ডসমূহের সুরাহা করে জাতিকে
পশ্চাতমুখীনতা থেকে অব্যাহতি দেয়া। দ্বিতীয়তঃ এবারের ইশতেহারে যে-সমস্ত অঙ্গীকার
করা হয়েছে, সম্ভব হলে সেগুলো এখনই কাট-ছাট করে বাস্তবায়নযোগ্য একটি কর্ম-পরিকল্পনা
জনগণের সামনে উপস্থাপন করা। তৃতীয়তঃ ভারতের সাথে কেনো এবং কী-ধরণের আলোচনা দরকার,
সেটি যাচাই করে, সে-অনুযায়ী একটি নীতির আওতায় আমেরিকা ও পাকিস্তানকে অন্তর্ভুক্ত
করা। শেষতঃ নিজের দলের মধ্যে কোনো ধরণের অসভ্যতা পুনঃপ্রবেশ না ঘটে, সেটি নিশ্চিত
করা।
বস্তুতঃ বাংলাদেশের
জনগণের প্রত্যাশা কিন্তু আকাশচুম্বী কিছু নয়। মানুষ চায় নিজের ভবিষ্যত নিজে গড়ার
উপযুক্ত পরিবেশ - যদিও নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেয়া হয় প্রচুর। কিন্তু
প্রতিশ্রুতির পূরণ তো দূরের কথা, মানুষ
যখন শান্তিতে বেঁচে থাকার পরিবেশটুকু পায়
না, তখন বাংলার বিখ্যাত একটি প্রবচন সামনে চলে আসেঃ ‘ভিক্ষা
চাই না মাগো, কুকুর সামলাও।’
এ-দেশের জনগণ বার-বার কুক্কুরীয় উপদ্রবে অতিষ্ঠ হয়েছে। অতিষ্ঠ হয়ে কুকুরকে যথার্থ
মুগুর মেরেছে। কথায় বলে
'যেমন কুকুর তেমন মুগুর'। এবারের নির্বাচনের ফলাফলকে একটি
জুৎসই মুগুর বলেই আমার কাছে মনে হয়েছে। তবে বলে রাখা ভালো, প্রবচন হচ্ছে সেই
বচন যা
সর্ব-কালের ও সকল
পাত্র-পাত্রীর জন্যই প্রযোজ্য।
সায়ীদুল হক
খানঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও লেখক
আপলৌডঃ ২৯ ডিসেম্বর
২০০৮ |